দেশব্যাপী অভিযান, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাঁচ প্রদেশে গত বৃহস্পতিবার রাত থেকে পরদিন পর্যন্ত চলা বোমা হামলার পর দেশজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ।
থাইল্যান্ডের পাঁচ প্রদেশে ১১টি বোমা বিস্ফোরিত হয়। ওই হামলায় চারজন নিহত হন। বিদেশি পর্যটকসহ আহত হন ৩০ জন।
গতকাল সমুদ্র-তীরবর্তী পর্যটন শহর হুয়া হিন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
যে এলাকাগুলোতে হামলা হয়েছে, সেগুলো পর্যটনের গুরুত্বপূর্ণ এলাকা। এর ফুকেট দ্বীপও রয়েছে। এই ধারাবাহিক হামলার দায়িত্ব স্বীকার করেনি কেউ। থাইল্যান্ডের পুলিশ এ হামলায় আন্তর্জাতিক যোগসূত্র থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তারা বলেছে, এ হামলা দেশীয় ষড়যন্ত্রের অংশ।
থাইল্যান্ডের ডেপুটি পুলিশ কমিশনার পোনসাপাত পোচারোয়েন বলেন, ‘আমরা নিশ্চিত এটি একটি সংঘবদ্ধ দলের কাজ। এর পেছনে মূল হোতা আছে।’ তিনি বলেন, ‘এই হামলার পেছনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা এখনো নিশ্চিত নই।’
এ হামলা থাইল্যান্ডে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। জাতীয় নিরাপত্তাকে এই সরকার তাদের জাতীয় মূলনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করে।
চার প্রদেশের মধ্যে হুয়া হিনে হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। এখানে ২৪ ঘণ্টায় চারটি বোমা বিস্ফোরিত হয়। কয়েক দিনের মধ্যেই এখানে পর্যটনের ভরা মৌসুম শুরু হবে। ঠিক সেই মুহূর্তে এই হামলায় এ শহরের পর্যটন ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে বলেই আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। হুয়া হুর সৈকতের পাশের এক রেস্তোরাঁর মালিক নেই অ্যামপর্ন বলছিলেন, ‘এ শহরে এমন হামলা কখনোই হয়নি। আমার মনে হয়, ব্যবসা এবার একেবারে জমবে না। দেখুন, আজকের সকালে মাত্র কয়েকজন এসেছে এখানে নাশতা করতে। আমার মনে হয়, সবাই বাড়ি চলে গেছে।’