মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের একাধিক ব্যাংক হিসাব ব্যবহার করে দেড় কোটি মার্কিন ডলারের বিলাসবহুল পণ্যসামগ্রী কেনা হয়েছিল। এ ছাড়া ওই সব ব্যাংক হিসাব থেকে ২০১৩ সালের নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের বিপুল অঙ্কের অর্থ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গত বুধবার এক খবরে এ কথা বলেছে। মালয়েশিয়ার তদন্তকারীদের নথিপত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, পোশাক-আশাক, গয়না এবং একটি গাড়ি কিনতে নাজিব রাজাকের ব্যাংক হিসাব থেকে দেড় কোটি ডলার খরচ হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে সস্ত্রীক সফরের সময় কিছু কেনাকাটা করেন তিনি। তাঁর স্ত্রী রোসমা মানসর বিলাসবহুল কেনাকাটায় অভ্যস্ত বলে পরিচিত।নাজিব তাঁর ওই সব ব্যাংক হিসাবে বিদেশ থেকে কয়েক কোটি ডলার জমা পড়ার ব্যাখ্যা দিতে চাপের মধ্যে রয়েছেন। সংকটে পড়া রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) থেকে ওই অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে।