দ্বিতীয় আঘাতটির জন্য প্রস্তুত ছিল না নেপাল
নেপালে ভূমিকম্পদুর্গত প্রত্যন্ত কিছু এলাকায় তাঁবুতে থাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত পার্বত্য এলাকাগুলোয় দ্রুত সহায়তা পৌঁছানোর ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ নিজেদের সীমাবদ্ধতা গতকাল বৃহস্পতিবার স্বীকার করেছে। খবর এএফপি, রয়টার্স ও সিএনএনের।
প্রধানমন্ত্রী সুশীল কৈরালা গতকাল বৃহস্পতিবার ভূমিকম্পকবলিত কয়েকটি পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। তিনি হেলিকপ্টারযোগে চারিকোটে পৌঁছানোর পর সাংবাদিকদের বলেন, প্রথম ভূমিকম্পের পর শক্তিশালী আরেকটি আঘাত মোকাবিলার প্রস্তুতি তাঁদের ছিল না। সামনেই বর্ষা মৌসুম। এ অবস্থায় মানুষের পক্ষে খোলা আকাশের নিচে বেঁচে থাকা কঠিন হবে। অনেক তাঁবু প্রয়োজন। গৃহহীন লোকজনের আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।
প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, সরকারি সহায়তা দল এখন বিভিন্ন জায়গায় তাঁবু স্থাপন করে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দুর্যোগ ব্যবস্থাপনার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গৃহহীন সবাইকে কোনো জায়গায় নিরাপদ ভবনে স্থানান্তর করা যায় কি না, সেই সম্ভাব্যতাও যাচাই করে দেখা হচ্ছে।
নেপালে গত মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা ১১০। আহত হয়েছে অন্তত আড়াই হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন।
মঙ্গলবারের ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর আতঙ্কিত অনেকে বাইরে রাত কাটাচ্ছে। শহরের সিংহ দরবার নামের সরকারি ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েকটি অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দেশটিতে গত ২৫ এপ্রিলের প্রথম ভয়াবহ ভূমিকম্পটিতে আট হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। ওই বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার আগেই আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে।
জাতিসংঘ বলেছে, নেপালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের তথ্য পৌঁছানোর সুবিধার্থে বেতারকেন্দ্রগুলো চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে তাঁবু, জেনারেটর ও জ্বালানি সরবরাহ প্রয়োজন।
এদিকে আটজন আরোহী নিয়ে নিখোঁজ মার্কিন সামরিক হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান গতকাল আবার শুরু করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য বিতরণ করতে গিয়ে মঙ্গলবার হেলিকপ্টারটি হারিয়ে যায়।