
শেষ পর্যন্ত দ্বিতীয় জাপানি জিম্মিকেও গলা কেটে হত্যা করল ইরাক ও সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল রোববার অনলাইনে গোতোর শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে কট্টরপন্থী সুন্নি সংগঠনটি। এ ঘটনার পর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে আইএসবিরোধী লড়াইয়ে সহায়তা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। নৃশংস এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা। খবর এএফপি ও বিবিসির।
৪৭ বছর বয়সী জাপানি ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতোকে নিয়ে এক সপ্তাহের মধ্যে দুজন জাপানিকে একইভাবে হত্যা করল আইএস। ভিডিওচিত্র অনুযায়ী আগের কয়েকটি শিরশ্ছেদের কায়দায়ই হত্যা করা হয় গোতোকে।
নতুন ভিডিওটিতে দেখা যায়, কমলা রঙের কয়েদির পোশাক পরা গোতো একজন মুখোশধারী ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসে আছেন। ব্রিটিশ উচ্চারণের ইংরেজিতে ওই মুখোশধারী এ সময় গোতোর মৃত্যুর জন্য জাপান সরকারকে দায়ী করেন। আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা এ রকম এক ব্যক্তিকেই আইএসের আগের হত্যার ভিডিওগুলোতেও দেখা গেছে। জাপানি প্রধানমন্ত্রী আবেকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, জাপান সরকারের ‘অপরিণামদর্শী’ সিদ্ধান্তের ফল এই হত্যাকাণ্ড।
সংক্ষিপ্ত এই ভিডিওটির শেষে দেখানো হয় একটি মৃতদেহ। এর পরনে ছিল কমলা রঙের পোশাক। মৃতদেহটির ওপরে রাখা ছিল ধড় থেকে বিচ্ছিন্ন করা একটি মাথা।
জাপানে গতকাল সকালের দিকে ভিডিওটির খবর ছড়িয়ে পড়ে। এরপর প্রধানমন্ত্রী আবে ‘সন্ত্রাসীদের কখনোই ক্ষমা না করার’ প্রত্যয় ব্যক্ত করেন। আবেগাক্রান্ত স্বরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই ঘৃণ্য ও গর্হিত কাজে চরমভাবে ক্ষুব্ধ। আমরা কখনোই সন্ত্রাসীদের ক্ষমা করব না। তাদেরকে নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করব।’
গোতোর শোকাহত মা জুনকো ইশিদো সাংবাদিকদের বলেন, ‘সন্তানের এই করুণ মৃত্যুতে আমার ভেতর যে কী হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
আন্তর্জাতিক নিন্দা: জাতিসংঘের মহাসচিব বান কি মুনের একজন মুখপাত্র বলেন, মহাসচিব আইএসের হাতে জিম্মি থাকা সবাইকে মুক্তি দিতে আবারও আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একে ‘ঘৃণ্য হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলেছেন, গোতো তাঁর লেখনীর মাধ্যমে সিরীয় জনগণের আবেদনকে বাইরে পৌঁছে দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আইএসআইএল (আইএস) যে শয়তানের মূর্ত প্রতীক, এ ঘটনা তার আরেক উদাহরণ। মানুষের জীবনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।’ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ফ্রান্স জাপানের পাশে রয়েছে।
জর্ডানের জিম্মির ভাগ্য অনিশ্চিত: জাপানের কর্মকর্তারা কেনজি গোতো এবং জর্ডানের জিম্মি পাইলট আল-কাসাবেকে মুক্ত করতে জর্ডানের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন। শনিবার সকালে তাঁরা জানিয়েছিলেন, জঙ্গিদের সঙ্গে আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে আইএস বলেছিল, জাপানি নাগরিক গোতোর জীবনের মাত্র ২৪ ঘণ্টা বাকি রয়েছে। আর জর্ডানি পাইলট আল-কাসাবের হাতে সময় আছে তারও কম। এরপর তারা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে একটি সমঝোতার কথা বলেছিল। এর আওতায় আইএস জর্ডানে আটক থাকা ইরাকি নারী জঙ্গি সাজিদা আল-রিশাবির বিনিময়ে গোতোকে মুক্তি দিতে চেয়েছিল। তবে সম্ভবত জর্ডান সে দেশের পাইলট আল-কাসাবের মুক্তি দাবি করায় গোল বাধে। জর্ডান নারী জিহাদির মুক্তির আগে এই মর্মে প্রমাণ চেয়েছিল যে পাইলট কাসাবে সত্যিই জীবিত আছে। কাসাবের ভাগ্যে কী ঘটেছে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
আগস্ট ২০১৪: সিরিয়ায় অপহৃত আরেক জাপানি হারুনা ইউকাওয়াকে মুক্ত করতে গিয়ে নিজেও অপহৃত গোতো
২০ জানুয়ারি ২০১৫: ভিডিও প্রকাশ করে গোতো ও ইউকাওয়ার মুক্তির জন্য জাপান সরকারের কাছে ২০ কোটি ডলার দাবি
২৪ জানুয়ারি ২০১৫: গোতোর ছবি প্রকাশ। এতে তাঁর হাতে দেখা যায় ইউকাওয়ার গলা কাটা লাশের ছবি