দ্বিতীয় দিনের সংলাপেও যোগ দেননি কেরি ও লাভরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনার দ্বিতীয় দিন পেরিয়েছে গতকাল বুধবার। তবে আলোচনার সুনির্দিষ্ট কোনো অগ্রগতি জানানো হয়নি। বৈঠকের দুই দিন পেরিয়ে গেলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এতে যোগ দেননি। খবর এএফপির।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি স্থায়ী সমঝোতার ব্যাপারে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২৪ নভেম্বর। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় দুই পক্ষের আলোচনা শুরু হয়। তবে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
জন কেরি ভিয়েনা বৈঠকে কবে যোগ দিচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি জানান, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লন্ডন থেকে আজ বৃহস্পতিবার ফ্রান্সে যাবেন। কেরি কবে ভিয়েনা পৌঁছাবেন তা জানাননি মুখপাত্র সাকি।
রাশিয়ার আলোচক দলের প্রধান সের্গেই রিয়াবকভ গত মঙ্গলবার রাতে জানান, ভিয়েনা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেই কেবল রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ওই বৈঠকে যোগ দেবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অবশ্য একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানো ‘সম্ভব’, যদি ছয় জাতি তেহরানের কাছ থেকে খুব বেশি কিছু দাবি না করে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চায় জার্মানি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স। এ দেশগুলোসহ অনেকের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। পাশ্চাত্যের দাবির বিপরীতে ইরানের দাবি হচ্ছে, দেশটির ওপর থেকে সব অবরোধ-নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারের স্বীকৃতি দিতে হবে।
উদারপন্থী হিসেবে পরিচিত হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর গত বছরের নভেম্বর মাসে উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে একটি স্থায়ী চুক্তি করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে চুক্তি না হওয়ায় মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়। সে মেয়াদ শেষ হচ্ছে ২৪ নভেম্বর।