দ্বিতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গেরিলা ও মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডকে নেপালের পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে আজ বুধবার এ কথা জানানো হয়।

পুষ্প কমল দহল বর্তমানে নেপালের মাওবাদী দলের প্রধান। দ্বিতীয়বারের মতো হিমালয়কন্যা নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি পার্লামেন্টের সদস্যদের ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩টি ভোট পেয়েছেন।

প্রচণ্ড নামে পরিচিত পুষ্প কমল দহল ২০০৬ সালে শান্তি চুক্তির পর একটি রাজনৈতিক দল গঠন করেন। এর আগে তিনি প্রায় এক দশক ধরে মাওবাদী দলের নেতৃত্বে ছিলেন। বিধ্বংসী ভূমিকম্প ও বিভেদ সৃষ্টিকারী নতুন সংবিধান নিয়ে অস্থিরতার পর দেশ পুনর্গঠনে এখন তাঁকে কাজ করতে হবে।

ভোটে এগিয়ে থেকে সংসদে এক ভাষণে প্রচণ্ড বলেন, ‘আমি অঙ্গীকার করছি যে আমি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করব। বর্তমানের এই সমস্যা সমাধানের জন্য আমার দায়িত্ব আছে। আমি মনে করি, প্রার্থী হিসেবে সব সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারব।’

এর আগে ২০০৮ সালে নির্বাচনে জেতার পর তিনি একবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেটি মাত্র নয় মাস স্থায়ী হয়েছিল।