দ্রুত খাটো হয়ে পড়েছিল ফ্লোরেস দ্বীপের হবিটরা

বিজ্ঞানীরা বলছেন, ইন্দোনেশিয়ায় নিদর্শন পাওয়া ক্ষুদ্রকায় আদিম মানব হবিটরা বেশ অল্প সময়ের মধ্যে খাটো হয়ে পড়েছিল। তাদেরও সাত লাখ বছর আগেকার পূর্বপুরুষদের ফসিল গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হবিটদের পূর্বপুরুষের নতুন পাওয়া কিছু জীবাশ্ম ইঙ্গিত করছে, ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে প্রথম পা ফেলা স্বাভাবিক আকৃতির মানবেরা মাত্র তিন লাখ বছরের মধ্যেই হবিট আকারের হয়েছিল।
প্রাচীন ওই মানুষদের দ্রুত খাটো হয়ে যাওয়ার কারণ অবস্থাগত বলে মনে করেন লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক ক্রিস স্ট্রিংগার।
১২ বছর আগে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের এক গুহায় ক্ষুদ্রকায় প্রাচীন মানুষের দেহাবশেষ আবিষ্কারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মাত্র এক মিটার উচ্চতার ওই মানুষেরা আজ থেকে ১২ হাজার বছর আগে বাস করত। পরবর্তী গবেষণা-বিশ্লেষণে দেখা যায়, ৫০ হাজার থেকে ৬০ হাজার বছর আগে তাদের অস্তিত্ব ছিল। ছোট আকারের কারণে তাদের শিশুতোষ কল্পকাহিনির চরিত্র থেকে আদুরে নাম হবিট বলে ডাকা হয়।