দ্রুততম ট্রেন চালু করছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চীনে আগামী মাসে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। রাষ্ট্রীয় পত্রিকা পিপলস ডেইলির অনলাইন সংস্করণে বলা হয়, ঝেংঝু-শুঝু রেলপথে এই ট্রেন ঘণ্টায় ৩৮০ কিলোমিটার গতিতে চলবে।
দ্রুতগামী ট্রেনটি চালু হলে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝু থেকে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের শুঝুতে অনেক কম সময়ে পৌঁছানো যাবে। এখন এই দূরত্ব পাড়ি দিতে ২ ঘণ্টা ৩৩ মিনিট লাগে। নতুন ট্রেনটির লাগবে মাত্র ৮০ মিনিট। বুলেট ট্রেন প্রযুক্তির আগের প্রজন্মের সঙ্গে তুলনায় দেখা যায়, নতুন ট্রেনটির টানা গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেড়ে ৩৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। পরীক্ষামূলক যাত্রায় এর গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার পর্যন্ত উঠেছে।
চীনে নতুন প্রজন্মের ট্রেনটি ভবিষ্যতে মূলত যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হবে। দেশটিতে দ্রুতগামী ট্রেন চলাচলের উপযোগী প্রায় ১৬ হাজার কিলোমিটার রেলপথ বসানো হয়েছে। বড় বড় সব শহরই এতে যুক্ত। বেইজিং-সাংহাই রেলপথে ট্রেন চলাচল থেকে গত বছর শত কোটি মার্কিন ডলারের মুনাফা হয়েছে। চীন এর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বহাল রাখতে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে যোগাযোগকে আরও সহজ করতে নতুন রেলপথ স্থাপনের কাজ শুরু করেছে। দেশের বাইরেও তারা দ্রুতগামী ট্রেন প্রযুক্তির বাজার ধরতে চায়, বিশেষত ভারতে। চীনের একটি প্রতিষ্ঠান বর্তমানে ভারতের চেন্নাই-নয়াদিল্লি রেলপথে দ্রুতগামী রেল চালানোর সম্ভাবনা যাচাই করছে।