ধর্ম অবমাননার অভিযোগে জাকার্তার গভর্নরের দণ্ড

ইন্দোনেশিয়ায় জাকার্তার বিদায়ী গভর্নরকে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) ও সহিংসতায় ইন্ধন দেওয়ার দায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাকার্তার এই গভর্নর বাসুকি তিজাহাজা পুরনামা, যিনি আহোক নামেই বেশি পরিচিত। খবর বিবিসির।
চীনা বংশোদ্ভূত ক্ষুদ্র জাতিসত্তার খ্রিষ্টান ধর্মাবলম্বী ব্যক্তি হিসেবে বাসুকিই ছিলেন রাজধানীর প্রথম গভর্নর।
নির্বাচনী প্রচারে আহোক পবিত্র কোরআনের আয়াত তুলে ধরে ইসলাম ধর্মের অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে তিনি ব্লাসফেমির অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আদালতে জানিয়েছেন।
ইসলাম সম্পর্কে আহোকের বক্তব্য নিয়ে দেশটিতে ধর্মীয় কট্টরপন্থীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁকে বিচারের মুখে দাঁড় করাতে ধারাবাহিকভাবে বড় বড় সমাবেশ হতে থাকে।
আজ মঙ্গলবার আহোকের বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর বিক্ষোভকারীদের মধ্যে পক্ষে-বিপক্ষে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। আহোকের সমর্থকেরা তাঁর বেকসুর খালাস চান। অন্যদিকে বিরোধীরা তাঁকে দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার দাবি করেন।
ওই সময় বিক্ষোভকারী দুই পক্ষের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১৫ হাজার পুলিশ, সামরিক বাহিনী, দাঙ্গা পুলিশ ও অস্ত্রসজ্জিত বাহন মোতায়েন করা হয়।
২০১৪ সালে জোকো উইদোদো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আহোক জাকার্তার গভর্নর হন। ৫০ বছরে জাকার্তায় তিনিই ছিলেন প্রথম অমুসলিম গভর্নর। মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় আহোক ছিলেন দুদিক দিয়ে সংখ্যালঘু। তিনি একদিকে চীনের বংশোদ্ভূত ক্ষুদ্র জাতিসত্তা গোষ্ঠীর ছিলেন। সেই সঙ্গে ছিলেন খ্রিষ্টান। ১৯৯৮ সালে দেশটিতে চীনবিরোধী দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আহোকের ভূমিকাকে তাঁর রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হয়। ব্লাসফেমির দায়ে অভিযুক্ত হওয়ার আগে তিনি দুর্নীতিবিরোধী শক্ত অবস্থান ও স্পষ্টবাদী রাজনীতিবিদ হিসেবে ব্যাপক প্রশংসিত ছিলেন। তবে ব্লাসফেমি বিতর্ক গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ছায়া ফেলে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর প্রচেষ্টা ও জাকার্তায় অনেক মানুষের কাছে জনপ্রিয় হওয়ার পরও তাঁকে নির্বাচনে মুসলিম প্রার্থী আনিস রাসিদ বাসওইদানের কাছে হারতে হয়েছে।
ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির ৮৫ শতাংশ জনগণই মুসলিম। তবে দেশটিতে প্রাতিষ্ঠানিকভাবে ছয়টি ধর্ম থাকার কথা বলা হয়েছে।