ধর্মীয় নেতাদের সহায়তা চাইলেন প্রেসিডেন্ট গনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে জঙ্গি হামলা বন্ধের জন্য গতকাল রোববার ধর্মীয় নেতাদের সহায়তা কামনা করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। মার্কিন তথা ন্যাটো বাহিনী তালেবানের বিরুদ্ধে লড়াই শেষ করে বিদায়ের প্রস্তুতি নেওয়ার প্রেক্ষাপটে জঙ্গি হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। খবর এএফপির।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট গনি বলেন, এ ধরনের হামলা আর মেনে নেওয়া যায় না। হামলাকারীরা ইসলামপন্থীও নয়, মানবিকও নয়।
প্রেসিডেন্ট গনি বলেন, ‘এ ধরনের হামলার বিরুদ্ধে আমাদের সমাজকে জেগে উঠতে হবে। বিশেষ করে আমি মুসলিম ধর্মীয় নেতা, জাতিগত নেতা ও সুশীল সমাজের নেতাদের প্রতি আহ্বান জানাব, এই হামলাগুলোকে যেন তারা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।’
গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে।