ধর্মীয় শিক্ষায় সংস্কারের আহ্বান আল-আজহারের

ইসলামি চরমপন্থা রুখতে ইসলাম ধর্মীয় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম। সৌদি আরবে অনুষ্ঠিত সন্ত্রাসবাদবিরোধী এক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আল-আজহার ইসলাম ধর্মীয় বিষয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত। খবর বিবিসির।
সৌদি আরবের পবিত্র নগর মক্কায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের সন্ত্রাসবাদবিরোধী সম্মেলন। এতে পুরো মুসলিম বিশ্বের জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলনে ইসলামের ওপরে আলোকপাত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তৈয়ব বলেন, ধর্মীয় শিক্ষায় একটি ঐতিহাসিক ভুলের কারণেই ইসলাম ধর্মের অসহিষ্ণুতার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। তিনি মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপরে গুরুত্ব দেন।
গ্র্যান্ড ইমাম চরমপন্থার উত্থানের সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও ধর্মগ্রন্থের পবিত্র বাণীর ‘ভুল ব্যাখ্যা’র সম্ভাব্য যোগসূত্রের কথাও বলেন।
সম্মেলনে ইসলামের দুই পবিত্রতম মসজিদের হেফাজতকারী সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের একটি বিবৃতি পড়ে শোনানো হয়। এতে বলা হয়, সন্ত্রাসবাদ মুসলিম দেশগুলোর পাশাপাশি পুরো বিশ্বের জন্যই একটা হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসবাদ একটি দুর্যোগ, যার উৎপত্তি চরমপন্থী মতাদর্শ থেকে।’
যৌথ বাহিনীর আহ্বান: এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সন্ত্রাসবাদ রুখতে হলে পুরো আরব বিশ্বকে একজোট হয়ে একটি সামরিক বাহিনী গড়ে তুলতে হবে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এ ধরনের একটি সমন্বিত বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা দিনকে দিন বেড়েই চলেছে। কারণ, এ অঞ্চলের দেশগুলো এখন বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। প্রেসিডেন্ট সিসি বলেন, ‘আমরা একজোট হলেই এ ধরনের চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে পারব।’ মিসরের জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যে হুমকির সৃষ্টি করেছে, তা মোকাবিলায় জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।