ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড, ২১ বছর পর নির্দোষ!
ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ২১ বছর পর জানা গেল সেই ব্যক্তি নির্দোষ! মৃত্যুদণ্ডের প্রায় এক দশক পর অপর এক ব্যক্তি হত্যার কথা স্বীকার করলে নতুন করে বিচার শুরু হয়। আজ শুক্রবার উচ্চ আদালত ২১ বছর আগে ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করেন।
বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ চীনে এ ঘটনা ঘটেছে। মৃত্যুদণ্ড হওয়া সেই ব্যক্তির নাম নি সুবিন। ১৯৯৫ সালে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার দুদিন পর ফায়ারিং স্কোয়াডে গুলি করে ২০ বছর বয়সী নির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম পিপলস কোর্ট বিশ্বাস করে, মূল বিচারকাজে ব্যবহৃত তথ্য অস্পষ্ট এবং প্রমাণ অপর্যাপ্ত ছিল। ফলে রায় বদলে গিয়ে একজন নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছেন, যে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে নিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাঁর মরদেহ হেবেই প্রদেশের শিঝিয়াজুয়াং শহরের উপকণ্ঠে একটি শস্যখেত থেকে তাঁর বাবা উদ্ধার করেছিলেন। কিন্তু সে সময় হত্যার কারণ ও কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। এমনকি সাক্ষী এবং বাদীর প্রয়োজনীয় নথিও হাজির করা যায়নি। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নিকে অপরাধী বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহেরও কারণ ছিল।
২০০৫ সালে একজন ক্রমিক খুনি গ্রেপ্তার হয়ে হত্যার কথা স্বীকার করার পর থেকেই নির পরিবার ন্যায়বিচারের জন্য প্রচারাভিযান চালিয়ে আসছে। কিন্তু ২০১৪ সালে মামলাটি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়।
নির মামলায় যাঁরা সহায়তা করেছেন, তাঁদের সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির মা ঝাং হুয়ানঝি (৭২) ধন্যবাদ জানিয়েছেন।
চীনে আদালতে চলা মামলার রায়ে ৯৯ দশমিক ৯২ শতাংশ ক্ষেত্রে আসামিদের দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড রয়েছে। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির ওপর নির্ভরতার কারণে অনেক সময় অন্যায় রায় চলে আসে। ফলে ফৌজদারি বিচারের মধ্যে গলদ থেকে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
অনেক মানবাধিকার সংগঠন বলছে, চীন অন্য যেকোনো দেশের চেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে। কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার দোহাই দিয়ে বেইজিং মৃত্যুদণ্ডের সঠিক পরিসংখ্যান জানায় না।