'ধর্ষণের শিকার নারী অভিযুক্তকে বিবাহ করতে পারে'

ধর্ষণের শিকার হওয়া শিশু অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করতে পারে। ‘বিবর্ণ ভবিষ্যৎ’ থেকে বাঁচাতে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ওপর আনা বিল নিয়ে বিতর্কের সময় এসব কথা বলেন শাবুদিন ইয়াহায়া নামের একজন সদস্য। তাঁর বক্তব্যের ব্যাপক সমালোচনা চলছে দেশজুড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে নিয়ে কাটুন ও বিরূপ মন্তব্য চলছে।
পার্লামেন্টে বিলের বিতর্কে অংশ নিয়ে শাবুদিন ইয়াহায়া বলেন, ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ। ধর্ষণের শিকার হওয়া শিশু অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করতে পারে। ‘বিবর্ণ ভবিষ্যৎ’ থেকে বাঁচাতে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ধর্ষণের শিকার নারী এবং অভিযুক্ত ব্যক্তি উভয়কেই ‘দ্বিতীয়বার নতুন জীবনে প্রবেশের সুযোগ দেওয়া উচিত’। এর সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘সম্ভবত এই বিবাহের মধ্য দিয়ে (ধর্ষণের শিকার নারী এবং অভিযুক্ত ব্যক্তির) উভয়েই একটি সুখী ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনে যেতে পারে। ধর্ষণের শিকার নারীর বিবর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন জীবনযাপনের কোনো প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের শিকার নারী একজন স্বামী পাবেন এবং এর মধ্য দিয়ে তাঁর সামাজিক সমস্যার সমাধান হবে।’
দেশটির শরিয়া আদালতের সাবেক বিচারক শাবুদিন ইয়াহা নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, কিছু শিশু ‘শারীরিক এবং আধ্যাত্মিকভাবে’ বিবাহের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, ‘১২ ও ১৫ বছরের কিছু কিশোরীর শারীরিক গঠন দেখতে অনেকটা ১৮ বছরের নারীর মতো।’
মালয়েশিয়ার বিরোধী দল বলছে, এই আইনে বাল্যবিবাহ বন্ধ হবে না।
বিশেষ বিবেচনায় ১৬ বছরের নিচে মুসলিম নারীর বিবাহ মালয়েশিয়ায় বৈধ।
তবে বিষয়টির কড়া ভাষায় প্রতিবাদ করে ভয়েস অব দ্য চিলড্রেন নামের একটি সংস্থার প্রধান শর্মিলা শেকারান বলেন, রাজনীতিবিদদের এ ধরনের বক্তব্য কিশোরী নারীদের জন্য ‘দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের’। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য মনে হবে, ধর্ষণ করা ঠিক আছে। রাজনীতিবিদদের এ ধরনের মন্তব্য সমাজকে পেছনের দিকে নিয়ে যাবে।’
তার এ বক্তব্যের পর সমালোচনা চলছে দেশজুড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পার্লামেন্ট সদস্যকে নিয়ে নানান মন্তব্য করা হয়েছে। একজনের মন্তব্য, এই পার্লামেন্ট সদস্য ‘প্রথম শ্রেণির বেআক্কেল’। একজন বলেছেন, ওই পার্লামেন্ট সদস্যকে সংসদ থেকে বের করে দেওয়া উচিত। তিনি তাঁর পদের জন্য উপযুক্ত নন। তাঁর এ বক্তব্যে অন্যরা উৎসাহিত হবে।
শাবুদিন ইয়াহায়ার বক্তব্যর সমালোচনা করে শেরি আবদুল রহমান দাহলান নামের একজন পার্লামেন্ট সদস্য বলেন, ‘আমি এ বক্তব্য শুনে মর্মাহত এবং হতাশ। ২১ শতকে এসে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।’ তথ্যসূত্র: বিবিসি।