ধ্বংসযজ্ঞের মধ্যেই বিয়ে
সামনে বিয়ে। অন্য সব মেয়ের মতো স্বপ্ন দেখে সময়টা কাটাচ্ছিলেন গাজার বাসিন্দা ২৩ বছরের হেবা ফায়াদ। গুছিয়ে রাখছিলেন বিয়ের লম্বা সাদা পোশাক, গয়নাসহ আরও অনেক কিছু। এগুলো তাঁর কাছে ছিল এক একটি স্বপ্ন।
হঠাত্ ইসরায়েলের হামলায় লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হেবাদের বাড়িটি বিধ্বস্ত হয়। ধ্বংস হয়ে যায় বিয়ের জন্য গুছিয়ে রাখা সবকিছু। ইসরায়েলি হামলা নতুন নয়। ২০০৬ সালে তাদের হামলায় হেবার মা নাবিলা শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। প্রাণ গিয়েছিল হেবার নয় বছরের ভাইটির। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন তাঁরা। নতুন করে হামলায় ভেঙে গেল স্বপ্ন।
কিন্তু জীবন থেমে থাকে না কখনোই। ইসরায়েল ও হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ সময় ছিল গতকাল গ্রিনিচ সময় অনুসারে মধ্যরাত। হেবা আর ওমর সেই সময়টিকেই বিয়ের জন্য বেছে নিয়েছেন। গাজায় জাতিসংঘের শরণার্থী শিবির হিসেবে পরিচালিত একটি স্কুলে হেবা আর ওমরের বিয়ের আয়োজন করা হয়। শিয়া শরণার্থী শিবিরের উত্সবের জন্য বরাদ্দ ঘরটি সাজানো হয় বিভিন্ন রঙের বেলুন দিয়ে।
বিয়ে উপলক্ষে গাজার একটি সেলুনে সাজতে গিয়েছেন হেবা। তিনি বলেন, ‘আমার বিয়ের পোশাক, বাজনা, অতিথির তালিকা সব গুছিয়ে নিয়েছি। এরপর এখানে এসেছি সাজতে। আমি ওই শরণার্থী শিবিরে হাজারো শরণার্থীর সঙ্গে বিয়ের উত্সব করব।’
হেবার হবু বরের নাম ওমর আবু নামার (৩০)। তিনি থাকেন আরবে। বিয়ের পর হেবাকে নিয়ে ওমর সেখানেই যেতে চান।
সেলুনে হেবার পেছনে হুইলচেয়ারে বসেছিলেন তাঁর মা নাবিলা। তিনি বলেন, ‘হেবাই আমার সবকিছু। ভেবেছিলাম ধুমধাম করে তার বিয়ে দেব। কিন্তু জাতিসংঘের শরণার্থী শিবিরে বিয়ে দিতে হচ্ছে।’
নাবিলা বলেন, ‘আমরা আর কীই-বা করতে পারি? আমাদের ওপর এসব চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
হেবা যখন কনের সাজে সাজছিলেন, তখন দরজায় অপেক্ষা করছিলেন হবু স্বামী ওমর। তিনি বলেন, ‘আমার পরিবার গাজায় নেই। আমি এখানে একা। বিয়ের উত্সব বা বিয়েতে আসা অতিথিরা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি সুখী। কারণ আমি হেবাকে বিয়ে করছি।’
হেবা মনে করেন, ওমরের সঙ্গে বিয়ে হলে তিনি গাজা ছেড়ে চলে যেতে পারবেন। সেখানে তাঁদের নতুন জীবন হয়তো সুখের হবে। তবে গাজার ভয়াবহতা ভুলতে সময় লাগবে অনেক।