ধ্বংসস্তূপ থেকে পাঁচ দিন পর দুজন জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুতে হিলটন হোটেলের ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে কিশোর পেমবা তামাংকে l ছবি: রয়টার্স
কাঠমান্ডুতে হিলটন হোটেলের ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে কিশোর পেমবা তামাংকে l ছবি: রয়টার্স

ভূমিকম্পে বিধ্বস্ত কাঠমান্ডুতে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে মূলত বের হচ্ছিল ক্ষতবিক্ষত লাশ। হঠাৎ এক স্থানে জনতার
হর্ষধ্বনি। খোঁজ মিলেছে জীবিত একজনের। উদ্ধারকারীরা তুলে আনলেন সর্বাঙ্গে ধূলিমাখা এক কিশোরকে। পাঁচ দিন আগে ভূমিকম্পে ধসে যাওয়া এক সাততলা ভবনের নিচে আটকা পড়েছিল সে। এর কয়েকঘণ্টা পর আরেকটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে ২৩ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপি ও এপির।
১৫ বছর বয়সী ছেলেটির নাম পেমবা তামাং। বিহ্বল অবস্থায় কয়েক দিন পর সূর্যের আলো দেখে চোখ পিটপিট করছিল সে। ভূমিকম্পের পাঁচ দিন পর পেমবাকে জীবিত উদ্ধার করায় ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতিতে আনন্দের একটি বিরল মুহূর্ত তৈরি হয়। উদ্ধার করার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় ছেলেটাকে।
স্থানীয় উদ্ধারকর্মীরা মার্কিন সহায়তাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর পেমবাকে বের করে আনতে সমর্থ হন। স্থানীয় পুলিশ কর্মকর্তা এল বি বাসনেট বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে ছেলেটির সাড়া পেয়ে তাঁরা হতবাক হয়ে যান।
মার্কিন সহায়তা দলের প্রধান অ্যান্ড্রু অলভেরা বলেন, পেমবা তামাংকে উদ্ধার করার অভিযানটি ছিল বিপজ্জনক। কিন্তু একটি জীবন বাঁচানোর জন্য তাঁরা বড় ঝুঁকি নিতে তৈরি ছিলেন।
নেপালের ভূমিকম্পে গতকাল বিকেল পর্যন্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিপর্যস্ত বিভিন্ন অঞ্চলে চলছে উদ্ধার তৎপরতা। এখনো পাওয়া যাচ্ছে বহু লাশ।