ধ্বংসাবশেষের উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত এয়ারএশিয়ার উড়োজাহাজটির ধ্বংসাবশেষের অনুসন্ধান ও উদ্ধারকাজ বন্ধ করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ব্ল্যাক বক্স ও ফ্লাইট রেকর্ডারের তথ্যের বিশ্লেষণ থাকবে না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। খবর সিএনএন ও রয়টার্সের।
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী গতকাল জানায়, সাগরের তলা থেকে বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধারে সেনাবাহিনীর অভিযান বন্ধ করা হয়েছে। সেনাবাহিনীই মূল লোকবল ও যন্ত্রপাতি সরবরাহ করেছে।
তবে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (এনটিএসসি) তদন্তকারী সুরইয়ান্ত বলেন, আন্তর্জাতিক বেসামরি বিমান পরিবহন সংস্থার (আইসিএও) কাছে প্রাথমিক তদন্তের যে প্রতিবেদন দেওয়া হবে, তাতে উড়োজাহাজ, যাত্রীদের তথ্যসহ অন্যান্য তথ্য থাকবে। তবে বিধ্বস্ত উড়োজাহাজের উদ্ধারকৃত ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডারের তথ্য এতে থাকবে না বলে জানান তিনি।