প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ি-বনাঞ্চল প্রদেশ পাপুয়ায় ৫৪ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল। এদিকে উড়োজাহাজটিতে ৪ লাখ ৭০ হাজার ডলার মূল্যের নগদ অর্থ বহন করা হচ্ছিল বলে গতকাল সোমবার দেশটির ডাক বিভাগের কমকর্তারা জানান। খবর বিবিসি ও রয়টার্সের।
তবে ওই নগদ অর্থের সঙ্গে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না—তা পরিষ্কার নয়। সম্ভাব্য কারণ হিসেবে খারাপ আবহাওয়াকে বিবেচনা করা হচ্ছে। বিধ্বস্ত উড়োজাহাজটির অনুসন্ধানে যাওয়া একটি অনুসন্ধানকারী উড়োজাহাজ ফিরে আসতে বাধ্য হয় বিরূপ আবহাওয়ার কারণে। তবে উদ্ধার ও অনুসন্ধানকারী একটি উড়োজাহাজ পার্বত্য জেলা বিনটাংয়ে সম্ভাব্য ধ্বংসাবশেষ চিহ্নিত করেছে।