আন্তর্জাতিক রেডক্রস বলেছে, কয়েক মাসের গৃহযুদ্ধের ফলে ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের তুলনামূলকভাবে দরিদ্র এই দেশটি এখন ধ্বংসের মুখোমুখি। ইয়েমেনে তিন দিনের সফর শেষে দাতব্য সংস্থাটির প্রধান পিটার ময়েরার গতকাল মঙ্গলবার এ কথা বলেন। খবর রয়টার্সের।
পিটার ময়েরার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে খাদ্য, পানি, ওষুধের সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। এর পাশাপাশি বিবদমান সব পক্ষকে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ময়েরার এক বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনে মানবিক বিপর্যয় চরম মাত্রায় পৌঁছেছে। এই গৃহযুদ্ধের ভুক্তভোগী দেশটির প্রতিটি পরিবার। সেখানকার বিপর্যয় রোধ করতে বিশ্বের সব দেশের সজাগ হওয়া উচিত।’
রেডক্রস প্রধান ময়েরার বলেন, ইয়েমেনের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১৩ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
গত মার্চ মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ইরানের সমর্থনপুষ্ট শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে এই সংঘাতের শুরু। হুতিদের আক্রমণের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বো মানসুর হাদির দেশ থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। ২৬ মার্চ থেকে প্রেসিডেন্ট হাদির সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
চলমান যুদ্ধ এবং বন্দরের ওপর অবরোধের ফলে ইয়েমেনের স্বাস্থ্য খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রভাব।
ময়েরারের ভাষ্য, ওষুধ ও চিকিৎসা উপকরণ ঠিকমতো পৌঁছাতে না পারার কারণে চিকিৎসাসেবা মুখ থুবড়ে পড়েছে। জ্বালানি ঘাটতির কারণে চিকিৎসায় ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিও ব্যবহার করা যাচ্ছে না। এখন যেটি জরুরি দরকার সেটি হলো, চিকিৎসা উপকরণসহ ত্রাণসামগ্রী এবং তা যেন বাধাহীনভাবে লোকজনের কাছে পৌঁছতে পারে তা নিশ্চিত করা।
বিবৃতিতে বলা হয়, রেডক্রস অন্যতম একটি আন্তর্জাতিক সংস্থা যে এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইয়েমেন ছেড়ে যায়নি। গত জানুয়ারি মাস থেকে রেডক্রস ২০ লাখেরও বেশি মানুষকে পানি সরবরাহ করেছে। এর পাশাপাশি খাদ্যসহ নানা ত্রাণসামগ্রী দিয়েছে এক লাখেরও বেশি মানুষকে।
সোমালীয়রা ইয়েমেন ছাড়ছে: এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, ইয়েমেন থেকে কয়েক হাজার সোমালীয় উদ্বাস্তু দেশে ফিরে গেছে। খাদ্যের সংকট এবং যুদ্ধের কারণে তারা এডেন উপসাগর পাড়ি দিয়ে ইয়েমেনে আশ্রয় নিয়েছিল। ওসিএইচএ বলেছে, এ বছরের মার্চ মাস থেকে প্রায় ২৯ হাজার সোমালীয় নিজ দেশে ফিরে গেছে।