‘ধ্যানের গুরু’ থিচ নহাত হানের মৃত্যু
ভিয়েতনামের প্রভাবশালী বৌদ্ধভিক্ষু থিচ নহাত হান মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর বৌদ্ধধর্মবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান জেন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার হুয়েতে তু হিউ টেম্পলে শান্তিতে মৃত্যুবরণ করেছেন হান। খবর বিবিসি ও রয়টার্সের
থিচ নহাত হান প্রখ্যাত লেখক ও শান্তিকর্মী। তাঁকে ‘ধ্যানের গুরু’ বলা হয়। জেনের অনুসারীরা টুইটারে থিচ নহাত হানকে হৃদয়ে ধারণ করতে আহ্বান জানান।
১৯৬০ সালে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করার পর থিচ নহাত হানকে নির্বাসিত করা হয়। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্টিন লুথার কিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হান। সে সময় তিনি সহিংসতা বন্ধের জন্য তাঁর প্রতি আহ্বান জানান। পরে মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কারের জন্য থিচ নহাত হানের নামের মনোনয়ন দেন। মার্টিন লুথার কিং তাঁকে শান্তি ও অহিংসার নেতা হিসেবে অভিহিত করেন।
ভিক্ষুর মৃত্যুসংবাদ শোনার পর কিংয়ের মেয়ে বার্নিস কিং মার্টিন লুথার কিংয়ের সঙ্গে থিচ নহাত হানের একটি ছবি পোস্ট করেন।
জীবদ্দশায় এই বৌদ্ধভিক্ষু শতাধিক বই লিখেছেন। ৪০টিরও বেশি ভাষায় এসব বই অনুবাদ করা হয়েছে। গত বছরের অক্টোবরে তাঁর শেষ বইটি প্রকাশিত হয়।
নির্বাসিত হওয়ার পরে বৌদ্ধভিক্ষু ফ্রান্সে বেশ কয়েক বছর কাটান। তিনি বিশ্বের বিভিন্ন দেশে মঠ ও ধ্যানকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এগুলো প্লাম ভিলেজ ট্র্যাডিশন নামে পরিচিত।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নিয়মিত বক্তব্য দিতেন এই বৌদ্ধভিক্ষু। তিনি ধ্যানচর্চা নিয়ে কথা বলতেন। ২০০৯ সালে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার তাঁর কর্মকাণ্ডে বাধা দেয়। লাম ডংয়ে তাঁর জেন শিক্ষাপ্রতিষ্ঠান সে সময় বন্ধ করে দেওয়া হয়।
২০১৮ সালে এই বৌদ্ধভিক্ষু ভিয়েতনামে ফিরে যান। তু হিউ টেম্পলে বাকি দিনগুলো কাটানোর জন্য সরকার তাঁকে অনুমতি দেয়। আজ থেকে হিউতে এই বৌদ্ধভিক্ষুর শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। পাঁচ দিন ধরে এটি চলবে।