নওয়াজের সঙ্গে ভারতীয় ব্যবসায়ী জিন্দালের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জান জিন্দাল
সাজ্জান জিন্দাল

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতীয় ধনাঢ্য ব্যবসায়ী সজ্জন জিন্দালের বৈঠক নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে সজ্জন জিন্দালের ঘনিষ্ঠতাই এর মূল কারণ। তবে এ ভারতীয় ব্যবসায়ীর সফরের ব্যাপারে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

কিছুদিন আগে পাকিস্তানের অবকাশ শহর মারির এক রিসোর্টে অঘোষিত এক বৈঠকে দুজনের কথা হয়। ধারণা করা হচ্ছে, এর সূত্র ধরে কিছুদিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নওয়াজের বৈঠক হতে পারে। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন চলছে।

পাকিস্তানের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও পর্যবেক্ষক বলছেন, এটি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নওয়াজের বৈঠকের একটি আগাম ইঙ্গিত। কারণ, মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সজ্জন জিন্দাল। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০১৫ সালে নওয়াজের নাতনির বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন এ ব্যবসায়ী। ওই বিয়েতে নরেন্দ্র মোদিও আমন্ত্রিত ছিলেন।

সজ্জন জিন্দাল ভারতের ব্যবসায়ী গোষ্ঠী জেএসডব্লিউ গ্রুপের প্রধান। এই গোষ্ঠী স্টিল, বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামোর ব্যবসা করে। সজ্জনের ছোট ভাই নবীন জিন্দাল কংগ্রেসের সাবেক আইনপ্রণেতা।

 কোনো কোনো বিশ্লেষক বলছেন, দুই প্রধানমন্ত্রী হয়তো চলমান তিক্ততার অবসান ঘটিয়ে নেপথ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি করার চেষ্টা করছেন এবং এ জন্য সজ্জনকে দূত হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের সরকারি কিছু সূত্র বলেছে, এই ভারতীয় ব্যবসায়ীর সফর সম্পর্কে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অবগত ছিল। কারণ শীর্ষ পর্যায়ের অনুমতি ছাড়া তাঁর এমন সফর সম্ভব নয়।

 সজ্জন জিন্দালের এমন সফরের ব্যাপারে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের বিরোধীদলীয় আইনপ্রণেতারা। পার্লামেন্টের পররাষ্ট্র নীতিবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে গতকাল শুক্রবার এ ব্যাপারে আলোচনা হয়। পার্লামেন্টের আগামী অধিবেশনে বিষয়টি আলোচ্যসূচির মধ্যে রাখার আবেদন জানিয়েছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দল।