নগ্ন ছবি দিয়ে ঋণ
ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গ্যারান্টর বা জামিনদার লাগে। চীনের একটি সংস্থা ঋণ প্রদানে এমন নিয়ম চালু করেছে, এতে জামিনদারের কোনো প্রয়োজন নেই। নিজের নগ্ন ছবি দিয়ে অনায়াসে ঋণ পেয়ে যাবে আবেদনকারী। সে ক্ষেত্রে ঋণ পরিশোধে অনিয়ম করলেই বেধে যাবে বিপত্তি। পাওনা টাকা আদায়ে তখন ওই সংস্থা গ্রহীতার নগ্ন ছবিটি প্রকাশ করার হুমকি দেবে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোটা প্রক্রিয়া চলবে অনলাইনে। চীনের কলেজছাত্রীদের অর্থ ঋণ দিতে সংস্থাটি এই উদ্ভট নিয়ম চালু করেছে। শুধু তা-ই নয়, ঋণের অর্থ সময়মতো পরিশোধ করতে না পারলে সেই নগ্ন ছবি পরিবারের কাছে হস্তান্তর বা অনলাইনে ফাঁস করে দেওয়ার ব্যাপারে আগেই ঋণগ্রহীতাদের জানিয়ে দিচ্ছে সংস্থাটি।
রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে জানানো হয়, জেডি ক্যাপিটাল’স জিদাইবাও নামের ওই অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি ছাত্রীদের কাছে এ ধরনের ঋণ গ্রহণের প্রস্তাব দিয়েছে। একটি অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক ছাত্রীর কাছে এ ধরনের ঋণ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। তারা এটাও জানিয়েছে, ঋণের অর্থ নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলেই নগ্ন ছবি প্রকাশ করা হবে অনলাইনে।
জিয়াংসু প্রদেশের লিন জিয়াও জানান, পড়াশোনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসার জন্য তাঁর কিছু অর্থ দরকার ছিল। তিনি নিরুপায় হয়ে গত ফেব্রুয়ারিতে জেডি ক্যাপিটালে নিজের নগ্ন ছবি জমা দিয়ে ১ লাখ ২০ হাজার ইউয়ান ঋণ নেন। চার মাস পর তিনি দেখেন, সেই ঋণের অর্থ সুদে-আসলে দ্বিগুণ হয়েছে। এরপরই ওই প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হচ্ছিল, ঋণের অর্থ ফেরত না দিলে তাঁর নগ্ন ছবি অনলাইনে ফাঁস করে দেওয়া হবে।
এ ঘটনা প্রকাশ হওয়ার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সবাই এর বিরুদ্ধে আওয়াজ তুলছে। এই নিয়ম বন্ধে পুলিশ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে।