নতুন অবরোধেরমুখে কাতার!
কাতারের ওপর প্রতিবেশী আরব দেশগুলো নতুন অবরোধ আরোপ করতে পারে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরবের নেতৃত্বে সাত দেশ গত মাসে দোহার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে।
চলমান সংকট নিরসনের জন্য তারা কাতারকে কয়েকটি শর্ত দিয়েছিল। সেগুলো পূরণের সময়সীমা গতকাল রোববার রাতে পেরিয়ে গেলেও মীমাংসার কোনো ইঙ্গিত মেলেনি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বলে দিয়েছেন, আরব দেশগুলোর শর্ত প্রত্যাখ্যান করা হবে। আর এভাবে সময়সীমা বেঁধে দেওয়ার উদ্দেশ্য সন্ত্রাসবাদ মোকাবিলা নয়, বরং কাতারের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করা।
আল-থানি ইতালির রাজধানী রোমে গত শনিবার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের ব্যাপারটা নিয়ে দোহা আলোচনায় বসতে রাজি আছে। তবে একটা সার্বভৌম দেশের ওপর এমন শর্ত ও সময়সীমা চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং মিসর গত মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং ভ্রমণ বা যোগাযোগ বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, দোহা সন্ত্রাসবাদে মদদ জোগাচ্ছে এবং আঞ্চলিক শত্রু হিসেবে পরিচিত দেশ ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে।
কাতার অবশ্য এ ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। সংকট নিরসনে মধ্যস্থতার জন্য কুয়েত এগিয়ে এসেছে। তারা ১০ দিন আগে কাতারের কাছে প্রতিবেশী দেশগুলোর ১৩টি শর্ত উপস্থাপন করে সেগুলো পূরণের বিনিময়ে অবরোধ প্রত্যাহারের আশ্বাস দেয়। এসব শর্তের মধ্যে কাতারে অবস্থিত একটি তুর্কি সামরিক ঘাঁটি এবং টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি থাকলেও দোহা সেগুলো প্রত্যাখ্যান করেছে। আরব উপসাগরীয় অঞ্চলে কাতারের সমালোচকদের অভিযোগ, আল-জাজিরা কট্টরপন্থীদের মদদ দেয়। তবে চ্যানেলটির কর্তৃপক্ষ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উপসাগরীয় দেশগুলো এসব শর্ত বা দাবির ব্যাপারে কাতারকে কোনো ছাড় দিতে নারাজ বলে জানিয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত বলেছেন, দাবিগুলো পূরণ না করলে কাতার নতুন কিছু অবরোধের মুখোমুখি হতে পারে।
তবে ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ কাতারের ওপর আরও অবরোধ আরোপের কথায় না গিয়ে বলেছেন, বিকল্প শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে তিনি কাতারকে ছয় সদস্যের উপসাগরীয় আরব জোট (জিসিসি) থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন।
চলমান সংকটের ফলে কাতারের লোকজন ভ্রমণ এবং খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে অসুবিধায় পড়েছে। উপসাগরীয় আরব অঞ্চলে উত্তেজনা বেড়েছে। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে বেড়েছে বিভ্রান্তি। ফলে দোহার সঙ্গে ইরান এবং তুরস্কের ঘনিষ্ঠতা বাড়ছে। অবশ্য এ সংকটের মধ্যেও কাতার থেকে জ্বালানি তেল রপ্তানি কমেনি। তবে সৌদি আকাশসীমায় কাতারের উড়োজাহাজ চলাচল করতে পারছে না বলে দেশটি সমস্যায় পড়েছে।