
ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি জাহির করল উত্তর কোরিয়া। দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে ব্যাপক পরিসরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়।
গতকালের কুচকাওয়াজে নিভৃতকামী কমিউনিস্ট দেশটি বিভিন্ন সামরিক অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করেছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, এই কুচকাওয়াজে পিয়ংইয়ং নতুন এক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার মূল উদ্দেশ্য হলো এমন একটি আইসিবিএম তৈরি, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ংয়ের এ উদ্দেশ্য কিছুতেই সফল হবে না।
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার মধ্যে কোরীয় উপদ্বীপ অভিমুখে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ রণতরীর বহর। এতে একধরনের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পিয়ংইয়ংয়ে কিম ইল সুং স্কয়ারের সামনে অনুষ্ঠিত গতকালের কুচকাওয়াজে প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
গতকাল উত্তর কোরিয়া পাল্লার ক্রমানুসারে সামরিক অস্ত্রের প্রদর্শন করে। এগুলোর মধ্যে বিশাল আকারের চারটি সবুজ রঙের ক্ষেপণাস্ত্র সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তাঁদের মতে, এগুলোই হয়তো ‘যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম’ পিয়ংইয়ংয়ের সেই অভীষ্ট আইসিবিএম। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ দেশটির এক সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, সবুজ ওই ক্ষেপণাস্ত্রগুলোই ‘নতুন আইসিবিএম’, যেগুলোর পাল্লা উত্তর কোরিয়ার বর্তমান ক্ষেপণাস্ত্র কেএন-০৮ বা কেএন-১৪-এর চেয়ে বেশি।
নতুন আইসিবিএমের ব্যাপারে পিয়ংইয়ং গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়ার বিষয়ে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশকারী ওয়েবসাইট এনকে নিউজের ব্যবস্থাপনা পরিচালক চাড ও’ক্যারল বলেন, নতুন ওই ক্ষেপণাস্ত্রটি হয়তো তরল-জ্বালানির আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র অথবা এর একটা প্রাথমিক সংস্করণ। তিনি বলেন, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আনুষ্ঠানিক সংযুক্তির পর আঞ্চলিক ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে।
চাড ও’ক্যারল আরও বলেন, তরল-জ্বালানির এসব ক্ষেপণাস্ত্র জ্বালানিপূর্ণ হতে মাত্র কয়েক ঘণ্টার প্রয়োজন। গোয়েন্দা তথ্য থাকলে হামলার আগেই পিয়ংইয়ংকে নিবৃত্ত করা সম্ভব হবে। তবে কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র রোখা অনেক বেশি কঠিন। কোনো কোনো বিশেষজ্ঞ ধারণা করছেন, কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে হয়তো পিয়ংইয়ং এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।
গতকাল ২০১২ সালের তুলনায় তিন গুণ বেশিসংখ্যক কেএন-০৮ আইসিবিএম প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। এ ছাড়া ২০১৫ সালে উন্মুক্ত করা কেএন-১৪ ক্ষেপণাস্ত্রও ছিল। এগুলোর কোনোটিই এখনো উৎক্ষেপণ করা না হলেও এবারের নতুন বছরের প্রারম্ভে দেশটির নেতা কিম জং উন বলেছিলেন, তাঁর দেশ ‘আইসিবিএম তৈরির চূড়ান্ত ধাপে রয়েছে’। গতকালের কুচকাওয়াজে ছিল পুক্কুকসং। ক্ষেপণাস্ত্রটি ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকারী হওয়ার অর্থ, আগাম কোনো সংকেত না দিয়েই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে পিয়ংইয়ং।