নতুন আফগান তালেবান নেতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়বাতুল্লাহ আখুন্দজাদা। ফাইল ছবি: এএফপি
হায়বাতুল্লাহ আখুন্দজাদা। ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানে দখলদারির অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবানের নতুন নেতা মৌলভি হায়বাতুল্লাহ আখুন্দজাদা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার এক বার্তায় হায়বাতুল্লাহ এই আহ্বান জানান।

গত মে মাসে হায়বাতুল্লাহ আফগান তালেবানের নতুন নেতা নিযুক্ত হওয়ার পর এই প্রথম তাঁর কাছ থেকে কোনো বার্তা এল।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে হায়বাতুল্লাহ বলেন, ‘অর্থহীন বল ও পেশি ব্যবহারের বদলে বাস্তবতা স্বীকার করুন। দখলদারির অবসান ঘটান।’
আফগান তালেবান নেতার ভাষ্য, আমেরিকার হানাদার ও তার মিত্রদের উদ্দেশে তাদের বার্তা হলো, আফগান মুসলিম জনগণ তাদের বাহিনী ও কৌশলে ভীত নয়।
হায়বাতুল্লাহ বলেন, ‘তোমরা একটি গোষ্ঠী বা অংশকে মোকাবিলা করছ না। তোমরা একটি জাতিকে মোকাবিলা করছ। তোমরা জয়ী হবে না।’
গত মে মাসে মার্কিন ড্রোন হামলায় তৎকালীন তালেবানপ্রধান মোল্লা মানসুর নিহত হলে তাঁর স্থলাভিষিক্ত হন হায়বাতুল্লাহ। মোল্লা মানসুরের দুজন সহযোগীর একজন ছিলেন হায়বাতুল্লাহ।