উত্তর কোরিয়া নিজেদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘সাফল্য’ উদ্যাপন করেছে গতকাল সোমবার। সম্ভবত এটিই তাদের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ং দাবি করছে, নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ‘ভারী পারমাণবিক অস্ত্র’ বহন করার সামর্থ্য রাখে।
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ‘হামলার প্রস্তুতির অংশ হিসেবে’ উত্তর কোরিয়া একের পর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। দেশটির নেতা কিম জং-উন গত রোববারের পরীক্ষার তত্ত্বাবধান করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। সংস্থাটি এই ঘটনার উল্লেখ করে কয়েকটি ছবি প্রকাশ করেছে। কেসিএনএর খবরে দাবি করা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ১১১ দশমিক ৫ কিলোমিটার উঁচুতে উঠেছিল। জাপান সাগরে পড়ার আগে এটি ৭৮৭ কিলোমিটার অতিক্রম করে।
উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং মিত্র চীনের পরামর্শ বা পশ্চিমা দেশগুলোর চাপ উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বেইজিংয়ে বলেছেন, মস্কো নতুন কোনো দেশের পারমাণবিক অস্ত্র সামর্থ্য অর্জনের বিপক্ষে। তবে উত্তর কোরিয়াকে হুমকি-ধমকির পরিবর্তে তাদের সঙ্গে আলোচনায় বসাটাই উচিত হবে বিশ্ব সম্প্রদায়ের। পিয়ংইয়ং গত কয়েক সপ্তাহে যা করেছে, তা অগ্রহণযোগ্য। তবে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে একটা শান্তিপূর্ণ সমাধান দরকার।