নতুন দিনের আশায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান নিজের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর নতুন দিনের প্রত্যাশা করছে দেশটির জনগণ। সমঝোতার ফলে পশ্চিমা অবরোধ প্রত্যাহার হলে দেশের অর্থনীতি গতিশীল হবে, কর্মসংস্থান বাড়বে—এমনটাই প্রত্যাশা ইরানের জনগণের।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিশ্বশক্তিগুলোর সঙ্গে সমঝোতা অনুযায়ী রূপরেখা চুক্তির শর্তগুলো মেনে চলার অঙ্গীকার করেছেন। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই জানতে হবে যে প্রতারণা করার কোনো অভিপ্রায় আমাদের নেই।’ তিনি বিশ্বশক্তিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বশক্তিগুলো ‘যদি কোনো একদিন ভিন্ন পথ অবলম্বন করে’ তাহলে ইরানের বিকল্প পথ রয়েছে। খবর এএফপি, সিএনএন ও রয়টার্সের।
সুইজারল্যান্ডের লুজান শহরে গত বৃহস্পতিবার রাতে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও ছয় বিশ্বশক্তি (জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র ও জার্মানি) রূপরেখা চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়। এ খবর তেহরানে পৌঁছার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে ইরানিরা। সমঝোতাকে স্বাগত জানিয়ে রাজপথে নেমে আসে অনেকে। গাড়ির হর্ন বাজিয়ে, নেচে, গেয়ে উল্লাস প্রকাশ করে তারা।
লুজান থেকে সমঝোতার খবরটি আসে ইরানের স্থানীয় সময় রাত একটার দিকে। আর দিনটি ছিল ফারসি নতুন বছর উদ্যাপনের শেষ দিন। এ দুইয়ে মিলে উদ্যাপন একটি ভিন্ন মাত্রা পায়। ইরানিদের উদ্যাপনের ঝড় দেখা গেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও।
রাজধানী তেহরানের ভল-ই-আসর অ্যাভিনিউয়ে রাত একটার সময় উল্লাস করতে দেখা গেল ৩০ বছর বয়সী অভিনেতা বেহরাং আলাভিকে। তিনি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত চূড়ান্ত আলোচনার ফলাফলে আমরাই বিজয়ী হয়েছি। এখন আমরা বিশ্বের অন্য দেশগুলোর মতোই স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারব।’ এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান ও ইরানের রীতি অনুযায়ী সাদা রুমাল উঁচিয়ে ধরেন।
তেহরানের বাসিন্দা ৩৭ বছর বয়সী আলী রেজা বলেন, ‘এখন যে অবস্থায় আছি, তার চেয়ে খারাপ অবস্থা আর হতে পারে না। যে সমঝোতা হয়েছে, তাকে স্বাগত জানাই আমি। প্রত্যাশা করছি, আমাদের সন্তানেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে।’
ইরানিদের উৎসবের মাত্রা বোঝা যায় দেশটির পক্ষে আলোচকদের দেশে পৌঁছার পর জনগণের উচ্ছ্বাস দেখেও। গতকাল শুক্রবার ইরানের আলোচক দলের প্রধান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অন্য প্রতিনিধিদের নিয়ে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়ে তাঁর নাম ধরে স্লোগান দেয় জনতা। মানুষের চাপে জারিফকে বহনকারী গাড়িটিকে মূল সড়কে উঠতে বেগ পেতে হয়। সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা নাড়িয়ে জারিফ ও প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানায়।
বিমানবন্দর থেকে বের হওয়ার আগে জারিফ ‘আলোচক দলের প্রতি উল্লেখযোগ্য সমর্থন ও দিকনির্দেশনার’ জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা করেন। জারিফ বলেন, ‘আমরা গর্বিত যে আমরা কখনোই আত্মসমর্পণ করিনি...।’
তবে ইরানের কট্টরপন্থীরা এই সমঝোতার সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, এই সমঝোতা ইরানের জন্য দুর্যোগের মতো। অনেকে আবার শঙ্কার কথাও বললেন। ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলাদ বলেন, সমঝোতা চুক্তি হোক বা না হোক, আমার ধারণা আমাকে ভালো বেতনের চাকরি জোগাড় করতে বেগ পেতে হবে।
প্রতিক্রিয়া: ইরানের সঙ্গে সমঝোতায় ছয় বিশ্বশক্তির মধ্যে রয়েছে জার্মানি ও ফ্রান্স। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার গতকাল বলেন, সমঝোতা উদ্যাপন করার সময় এখনো আসেনি। তবে চূড়ান্ত চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াসও প্রায় একই ধরনের মন্তব্য করেন।
ইরানের ঘোর শত্রু ইসরায়েলের মন্ত্রিসভা রূপরেখা চুক্তির বিরুদ্ধে এককাট্টা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। এতে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি রূপরেখা চুক্তির ‘প্রবল বিরোধিতা’ করেন। নেতানিয়াহু গতকালই তাঁর নিরাপত্তাবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠক করেন।
সৌদি বাদশাহ সালমান সমঝোতাকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ওবামাকে ফোন করে তিনি আশা প্রকাশ করেন চুক্তির মাধ্যমে এই অঞ্চলসহ পুরো বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে। যদিও ইরানের ভূমিকা নিয়ে এখনো সংশয় রয়েছে সৌদি আরবের।
ভারতও লুজানের সমঝোতাকে স্বাগত জানিয়েছে।
তেলের দাম কমেছে: সমঝোতার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সমঝোতা চুক্তির আওতায় ইরান বিশ্ববাজারে অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে। এটা তেলের দাম কমার কারণ। লন্ডনে তেলের দাম ২ দশমিক ১৫ ডলার কমে ব্যারেলপ্রতি ৫৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। নিউইয়র্কে ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১৪ ডলারে।
লুজান সমঝোতার মাধ্যমে ইরান ও ছয় বিশ্বশক্তি একটি রূপরেখা চুক্তি করবে। আর ৩০ জুনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। যেখানে কোন পক্ষকে কী করতে হবে, তার বিস্তারিত উল্লেখ থাকবে। সমঝোতা অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।