নতুন দিনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি গতকাল নিজের নির্বাচনী এলাকা ইয়াঙ্গুনের কাওমুর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন l ছবি: রয়টার্স
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি গতকাল নিজের নির্বাচনী এলাকা ইয়াঙ্গুনের কাওমুর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন l ছবি: রয়টার্স

মিয়ানমারের সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো সহিংসতার খবর মেলেনি। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। ফলাফল আজ সোমবার সকালে প্রকাশ করা হতে পারে। খবর এএফপির।

নির্বাচন কমিশন জানায়, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।

দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে অবাধ নির্বাচন বলে গণ্য হচ্ছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ছিল স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশ। দেশে পরিবর্তন আনার স্বপ্ন নিয়ে জনসাধারণ ভোট দিয়েছে। ভোটকেন্দ্র থেকে বেরোনোর পর তাঁদের মুখে ছিল হাসি, চোখে নতুন দিনের স্বপ্ন।

রয়টার্সের খবরে বলা হয়, একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় সাফল্যের আশা করছে। তবে দল বিজয়ী হলেও সাংবিধানিক বাধার কারণে তিনি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন না। শান্তিতে নোবেলজয়ী ৭০ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেতা গতকাল ইয়াঙ্গুনের একটি কেন্দ্রে নিজের ভোট দেন। এ সময় তাঁর খোঁপায় ছিল তাজা ফুলের মালা। সমর্থকেরা তাঁকে উদ্দেশ করে জয়ধ্বনি করেন।

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল রাজধানী নেপিডোয় নিজের ভোট দেওয়ার পর সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন l ছবি: এএফপি
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল রাজধানী নেপিডোয় নিজের ভোট দেওয়ার পর সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন l ছবি: এএফপি

বিবিসি জানায়, সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছে লোকজন। নিরাপত্তা রক্ষায় সারা দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ৪০ হাজার বিশেষ পুলিশ মোতায়েন করা হয়। প্রায় তিন কোটি ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন। অন্তত ৯০টি দলের পক্ষ থেকে কমপক্ষে ছয় হাজার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশ্য ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রয়েছে। তাঁরা জান্তা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সমর্থন দেবেন বলে ধারণা করা হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য এনএলডিকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে। বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক—তিনি মেনে নেবেন।

রয়টার্স জানায়, এবারের নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় আগে থেকেই ছিল। রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়সহ লাখো মানুষ ভোট দিতে পারেনি। বৌদ্ধ জাতীয়তাবাদীদের দাপট আর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি হুমকিধমকির কারণেও নির্বাচন নিয়ে উত্তেজনা তৈরি হয়।

তবে সেনাপ্রধান মিন অং লাইং রাজধানী নেপিডোয় গতকাল বলেন, এবার ১৯৯০ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। জনগণ এনএলডিকে পছন্দ করলে সেনাবাহিনীর সেটা মেনে না নেওয়ার কোনো কারণ নেই।

বিবিসি বাংলার খবরে বলা হয়, সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীর একজন ভোট দিতে না পেরে নিজের আঙুল কেটে ফেলে প্রতিবাদ জানিয়েছেন।

১৯৯০ সালের নির্বাচন অবাধ হয়েছিল এবং সু চি বিজয়ী হয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী সেই ফলাফল উপেক্ষা করেছিল। পরবর্তী ২০ বছরের বেশির ভাগ সময় গৃহবন্দী রাখা হয় সু চিকে। ২০১০ সালে তিনি মুক্তি পান। ইউএসডিপি সামরিক বাহিনীর সমর্থন নিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসে মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারকাজ শুরু করে।

পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ তারা পাবে না। নির্বাচনে জয়ী হলে সু চিকে একটি শক্তিশালী জোট গড়ার জন্য সঙ্গী খুঁজতে হবে। এ ক্ষেত্রে মিয়ানমারের বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মিয়ানমারে অন্তত ১০০টি জাতিগোষ্ঠী রয়েছে, যারা দেশটির জনগণের প্রায় ৩০ শতাংশ। এসব রাজনৈতিক দল কোনো জোটে যোগ দিয়ে নিজ নিজ সম্প্রদায়ের সুবিধা পেতে চাইবে।