নতুন সমালোচনার মুখে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ নিয়ে অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশের পর নতুন করে সমালোচনার মুখে পড়েছে মালয়েশিয়া। উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্সে’ মেয়াদোত্তীর্ণ ব্যাটারি লাগানো ছিল—প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর এ সমালোচনা শুরু হয়েছে। খবর এএফপির।

মালয়েশিয়ার গঠন করা ওই আন্তর্জাতিক তদন্ত দলের প্রতিবেদনটি গত রোববার প্রকাশ করা হয়। এদিনই ছিল কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী উড়োজাহাজটি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার প্রথম বার্ষিকী। ২৩৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে প্রতিবেদনে কোনো ইঙ্গিতই দেওয়া হয়নি। তবে এতে অন্যান্য যেসব অনুসন্ধান বেরিয়ে এসেছে, তার কয়েকটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক ও ভুক্তভোগী আরোহীদের স্বজনেরা। ওই অনুসন্ধানগুলোর একটি হলো, নিখোঁজ হওয়ার এক বছরেরও বেশি আগে উড়োজাহাজটির ফ্লাইটের তথ্য সংরক্ষণকারী যন্ত্র ব্ল্যাক বক্সের ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

উড়োজাহাজটির একজন মালয়েশীয় আরোহীর শ্যালিকা লিম উই হুন বলেন, ‘ব্যটারির মেয়াদসংক্রান্ত নিয়ম অবজ্ঞা করায় আন্তর্জাতিক বিমান পরিচালনাবিষয়ক সংস্থা মালয়েশিয়া এয়ারলাইনসকে শাস্তি দেবে বলে আমি আশা করছি।’ তাঁর অভিযোগ, মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার যে অব্যাহত চেষ্টা করে যাচ্ছে, এই প্রতিবেদন তারই একটা অংশ।

বিমান পরিচালনাবিষয়ক সাময়িকী ফ্লাইটগ্লোবাল-এর এশিয়ার ব্যবস্থাপনা সম্পাদক গ্রেগ ওয়ালড্রন মনে করেন, ব্যাটারিসংক্রান্ত এই অনুসন্ধান মালয়েশিয়া এয়ারলাইনসের ব্যবস্থাপনা কার্যক্রমের ন্যায়নিষ্ঠতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘উড়োজাহাজটির খোঁজ পেতে ব্যর্থতার পেছনে এটা কি একটা ভূমিকা রেখেছে? এটা আসলেই একটা কারণ কি না, তা সঠিকভাবে আমরা জানি না।’

মালয়েশিয়া এয়ারলাইনস গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে ব্যাটারি ইস্যুটিকে একটি রক্ষণাবেক্ষণ ‘ভুল’ হিসেবে বর্ণনা করেছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, উড়োজাহাজটির ককপিটে থাকা ভয়েস রেকর্ডারের ব্যাটারি ছিল একেবারে নতুন। তাই সেটি পানিতে পড়লেই সংকেত দিতে শুরু করত। এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনার পর নিরাপত্তার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ‘উল্লেখযোগ্য পদক্ষেপ’ নিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।