নয়াদিল্লিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই
দিল্লিতে গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে বৃষ্টি হয়েছে। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের। কারণ, ডেঙ্গুর মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। আশঙ্কা, ডেঙ্গুতে নাজেহাল দিল্লিতে এই বৃষ্টি সমস্যা বাড়াতে পারে।
রাজধানী নয়াদিল্লিতে ডেঙ্গু ভয়ানক আকার নিয়েছে এ বছর। দিল্লির সব সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গুর রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতিমধ্যেই মারা গেছে ২০ জন। রাজধানীর ৪৮টি বেসরকারি হাসপাতালে ৮০০টি নতুন শয্যা মঞ্জুর করা হয়েছে।
দিল্লি রাজ্য সরকার হাসপাতালগুলোর শয্যার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তবু একেকটি শয্যায় দুই থেকে চারজন রোগী। কোনো হাসপাতাল রোগী ফেরাতে পারবে না—এই নির্দেশও জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল ও নার্সিং হোমগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ডেঙ্গুর রক্ত পরীক্ষার ফি ৬০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কোনো পাত্রে পানি জমছে কি না। ধরা পড়লে জরিমানা। নিরন্তর প্রচার চালানো হচ্ছে কী করবে, কী করবে না।
ডেঙ্গুর সর্বনাশ, কারও কারও পৌষ মাস। আয়ুর্বেদিক মতে, ছাগলের দুধ, পেঁপেগাছের পাতা, বেদানা ও ঘৃতকুমারীর (অ্যালোভেরা) রস নাকি রক্তের প্লাটিলেটের সংখ্যা দ্রুত বাড়িয়ে দেয়। ছাগলের দুধ বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার টাকা লিটার। তাও অমিল। এ নিয়ে অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। বাবা রামদেবও এই বিতর্কে জড়িয়ে আয়ুর্বেদের পক্ষে নিদান দিয়েছেন। জেরবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শেষ পর্যন্ত বিরোধীদের শরণাপন্ন হয়ে ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ চেয়েছেন।