নাইট কারফিউর নামে ভোগান্তি ঠিক নয়: মমতা

ভারতে গতকাল সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে, যা ৩১ মে পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গ সরকারও গতকালই ৩১ মে পর্যন্ত চলবে লকডাউন থাকবে বলে ঘোষণা দিয়েছে। তবে লকডাউনে কেন্দ্রীয় সরকারের নাইট কারফিউয়ের বিষয়টি মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে কারফিউ হবে না বলে জানান তিনি।
চতুর্থ দফার লকডাউনে সবচেয়ে বড় ঘোষণা হলাে, দেশজুড়ে সংক্রমিত এলাকায় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত কার্যকর হবে নাইট কারফিউ বা নৈশকালীন সান্ধ্য আইন। সন্ধ্যা ৭টার পর আর কেউ বাড়ি থেকে বের হতে পারবে না।
সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, বাংলায় কারফিউ নয়। এই ঘোষণা করে তিনি কার্যত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলেন। বললেন, এই রাজ্য লকডাউন মানলেও সরকারিভাবে নাইট কারফিউ ঘোষণা করছে না। তবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত লকডাউন মানা হবে। ওই সময় কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না।
মমতা বলেন, ‘নাইট কারফিউর নামে মানুষের ভোগান্তি ঠিক নয়। তাই আমরা সরকারিভাবে নাইট কারফিউর ঘোষণা করছি না।’ তিনি বলেন, খুব জরুরি ছাড়া কারফিউ ঘোষণা করা যায় না।
মমতা বলেন, ‘এখন আমরা তিন শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছি—করোনা, মৌসুমি শ্রমিক ও ঘূর্ণিঝড় আম্পান। আশা করি, আমরা জিতব এই লড়াইয়ে।’

মমতা ঘোষণা দেন, ‘এবার রাজ্যের সংক্রমিত লাল জোনকে আমরা তিন ভাগে ভাগ করেছি—এ, বি ও সি। ‘এ’ হলো সংক্রমিত বা অ্যাফেক্টেড জোন; ‘বি’ হলো বাফার জোন এবং ‘সি’ হলো ক্লিন জোন। আর এই তিনটি জোন ভাগ করা হবে রাজ্যের বুথ ও ওয়ার্ডভিত্তিক।
মমতা বলেন, ২১ মে থেকে এ জোন বাদে সর্বত্র বড় সব দোকান খুলে যাবে। খুলবে জোড়–বিজোড় সংখ্যায় হকার্স মার্কেট। রেস্তোরাঁ না খুললেও হোটেল খুলবে। আর ২১ মে থেকে রাজ্যে চালু হবে আন্তজেলা দূরপাল্লার যাত্রীবাহী বাস পরিষেবা। মমতা এ দিন বেসরকারি বাস-মিনিবাস মালিকদেরও ওই দিনে বাস চালু করারও অনুরোধ জানান । ২৭ মে থেকে ২ জন যাত্রী নিয়ে চলবে অটো বা স্কুটারও।