‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে’ শিল্পোন্নত জি-৭ দেশগুলোকে সতর্ক করে দিয়েছে চীন। জাপানে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের সদ্য শেষ হওয়া বৈঠকে বিরোধপূর্ণ ‘সমুদ্রসীমায় কৃত্রিম দ্বীপ নির্মাণ’ ও ‘সামরিক কাজে’ তা ব্যবহার না করার আহ্বান জানানো হয়। এতেই তপ্ত মন্তব্য চীনের। দক্ষিণ চীন সাগরের পুরোটা এবং পূর্ব চীন সাগরের কিছু অংশ নিজের জলসীমার মধ্যে বলে দাবি করে চীন। বিশেষজ্ঞরা বলেছেন, কৃত্রিম উপগ্রহের তোলা চিত্র থেকে স্পষ্ট, চীন সাগরের বিরোধপূর্ণ অংশে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক স্থাপনা তৈরির চেষ্টায় আছে। জাপানের হিরোশিমায় শেষ হওয়া জি-৭-এর বৈঠকের ঘোষণায় চীনের নাম উচ্চারণ না করে সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের চেষ্টা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। আরও বলা হয়, সমুদ্রসীমার বিরোধ বিশ্বাস এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরসন হওয়া দরকার। এর পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং গতকাল মঙ্গলবার বিবৃতি দেন।