নাগরিকদের দেশত্যাগে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-নাম
কিম জং-নাম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের মালয়েশিয়ায় খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিক্ততার ধারাবাহিকতায় পরস্পরের নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে উভয় দেশ। সব মিলিয়ে কিম জং-নাম হত্যা নিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে।
প্রথমে উত্তর কোরিয়ার কিম জং-উন সরকার গতকাল মঙ্গলবার সে দেশে অবস্থানরত মালয়েশিয়ার নাগরিকদের দেশটি ত্যাগে নিষেধাজ্ঞা দেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তখন জানায়, মালয়েশিয়ায় যা ঘটেছে, তার যথাযথ সমাধান এবং উত্তর কোরিয়ার নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নিষেধাজ্ঞা চলাকালে উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার নাগরিকেরা আগের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।
উত্তর কোরিয়ার এ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা ব্যবস্থার ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তা-কর্মীরা সে দেশ ত্যাগ করতে পারবেন না।
মালয়েশিয়া দাবি করছে, উত্তর কোরিয়া তাদের নাগরিকদের ‘পণবন্দী’ করেছে। মালয়েশীয় কর্তৃপক্ষ পাল্টা বলেছে, তারা কুয়ালালামপুরে উত্তর কোরীয় দূতাবাসে পালিয়ে থাকা কূটনীতিককে ধরতে প্রয়োজনে দূতাবাসের বাইরে পাঁচ বছর ধরে অপেক্ষা করবে।
উত্তর কোরিয়ায় বর্তমানে মালয়েশিয়ার ১১ জন নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এর মধ্যে তিনজন কূটনীতিক। আর মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় এক হাজার নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশীয় পুলিশের ধারণা, উত্তর কোরিয়ার কয়েকজন নাগরিক কুয়ালালামপুরে কিম জং-নামকে হত্যা করার পর পালিয়ে গেছে। এই হত্যার পরিকল্পনায় উত্তর কোরীয় একজন কূটনীতিক জড়িত ছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, ‘ধারণা করা হচ্ছে, হত্যার সঙ্গে জড়িত কমপক্ষে তিনজন ব্যক্তি উত্তর কোরিয়ার দূতাবাসের ভেতর লুকিয়ে আছে। এর সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে। প্রয়োজনে সেখানে পাঁচ বছর অবস্থান করবে পুলিশ।’
বুলেটপ্রুফ পোশাক পরা একদল পুলিশ গতকাল কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসের সামনে অবস্থান নেয়। সেখানে গাড়ি রেখে যাতায়াতের পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত গুপ্তঘাতকের হামলায় অসুস্থ হওয়ার অল্প সময় পরই মারা যান কিম জং-নাম। ময়নাতদন্তে জানা যায়, তাঁর শরীরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল। এই হত্যার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে দাবি করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ। দক্ষিণ কোরীয় ও মার্কিন গোয়েন্দারাও ঘটনার পরপরই এ ধরনের সন্দেহ প্রকাশ করেছিলেন।