মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা বলেছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে রাষ্ট্রীয় অর্থের ৭০ কোটি ডলার সরিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই অর্থ আসলে অনুদানের। তবে সমালোচকেরা বলছেন, মূলত অর্থ কেলেঙ্কারির অভিযোগ থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করতেই এ কথা বলছে সংস্থাটি। খবর বিবিসির।
বিপুল অঙ্কের ওই অর্থ প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কে বা কারা অনুদান দিয়েছে দুর্নীতি দমন সংস্থা তা প্রকাশ করেনি। কেনইবা
দেওয়া হয়েছে এ অনুদান তাও বলা হয়নি।
নাজিব রাজাকের ব্যাংক হিসাবের ওই অর্থ অনুদানের বলে দেশটির দুর্নীতি দমন সংস্থার এই দাবি সত্ত্বেও সমালোচনা অব্যাহত আছে। এর আগে বিরোধী দলগুলো ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী নাজিব রাজাক অর্থ কেলেঙ্কারির তদন্তে প্রভাব খাটাচ্ছেন।
মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড বা ওয়ান এমডিবি নামের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে সম্প্রতি প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়। এরপর এ নিয়ে হইচই শুরু হয়। একপর্যায়ে নাজিব রাজাকের পদত্যাগের দাবিও ওঠে। এমন প্রেক্ষাপটে এ অভিযোগের তদন্ত শুরু হয়। যদিও প্রধানমন্ত্রী অভিযোগ অস্বীকার করে বলে আসছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
আর্থিক কেলেঙ্কারির সমালোচনা করায় নাজিব রাজাক গত সপ্তাহে তাঁর উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করেন। একই সঙ্গে কেলেঙ্কারির ঘটনা তদন্তের নেতৃত্বে থাকা অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করা হয়।