ভূ-রাজনৈতিক নানা কারণে শিয়াপন্থী ইরানের সঙ্গে সুন্নিপন্থী সৌদি আরবের সম্পর্ক কয়েক দশক ধরে উত্তেজনাপূর্ণ। ১৯৭৯ সালের ইরান বিপ্লব, তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি, সিরিয়া ও ইয়েমেন সংঘাতের পাশাপাশি ১৯৮৭ সালে এবং গত বছর বহু ইরানি হাজির মৃত্যু ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার কথিত ইরানি পরিকল্পনাসহ নানা ঘটনা তেহরান-রিয়াদ সম্পর্কের টানাপোড়েনে রসদ জুগিয়েছে। সর্বশেষ সৌদি আরবের শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের ঘটনায় তা নতুন মোড় নিয়েছে।
ইরান বিপ্লব: সৌদি-ইরান বন্ধুত্ব সন্ধি স্বাক্ষরের মাধ্যমে ১৯২৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দুই দেশ। তবে তা কখনোই ততটা ভালো ছিল না। এরপরও ইরানে শাহ বংশের শাসনামলে সম্পর্ক মোটামুটি স্বাভাবিক ছিল। ১৯৭৯ সালের ইরান বিপ্লবে পশ্চিমা-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি উৎখাত হওয়ার পর তেহরান-রিয়াদ সম্পর্কে বিশেষ টানাপোড়েন শুরু হয়। তবে ১৯৮৭ সাল পর্যন্ত বড় কিছু ঘটেনি। ওই বছর খোমেনির একটি বিরূপ মন্তব্যের পর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যা ১৯৯১ সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
ইরান-ছয়জাতি পারমাণবিক চুক্তি: পঞ্চাশের দশকে পারমাণবিক কার্যক্রম শুরু করে ইরান, যাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিম ইউরোপের দেশগুলোর সহায়তা ছিল। কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে বেশির ভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায়। এরপরও পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখে তারা। তেহরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—২০০৩ সালে এমন খবর বেরোনোর পর পাশ্চাত্যের সঙ্গে ইরানের টানাপোড়েন শুরু হয়। কয়েক দশক ধরে নানা নাটকীয়তার পর গত বছরের জুলাইয়ে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয় ছয়জাতির (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি)। এ চুক্তির ঘোর বিরোধী সৌদি আরব।
সিরিয়া ও ইয়েমেন সংঘাত: ২০১১ সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান। আর বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে সৌদি আরব। এদিকে ইরানের মদদপুষ্ট শিয়াপন্থী হুতিরা গত বছর ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। বর্তমানে হুতি বিদ্রোহীদের দমনে সেখানে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালাচ্ছে।
নিমরের মৃত্যুদণ্ড: সৌদি আরব গত শনিবার পূর্বাঞ্চলের শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ঘোষণা দেয়। তিনি শিয়া তরুণদের মাঝে জনপ্রিয়।
২০১১ সালে ‘আরব বসন্ত’ শুরুর পর নিমর প্রকাশ্যে সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচনা শুরু করেন। ২০১২ সালে নিজ এলাকায় সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাঁর ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কারাগারে রাখা হয়। ২০১৪ সালের অক্টোবরে সরকার উৎখাতের চক্রান্তের দায়ে তাঁর মৃত্যুদণ্ড হয়।
বিশ্লেষকদের মতে, এ ঘটনার পর আঞ্চলিক উত্তেজনার বল এখন ইরানের কোর্টে। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান-এর সহকারী সম্পাদক ও বিদেশবিষয়ক কলাম লেখক সাইমন টিসডাল লিখেছেন, নিমরের ঘটনার মাধ্যমে তেহরানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিয়াদ। এখন ইরানি নেতৃত্ব হাতে তলোয়ার তুলে নেওয়ার তাগিদ অনুভব করতে বাধ্য। সৌদি, ইরাক, লেবানন, ইয়েমেন, বাহরাইনসহ বিভিন্ন দেশের শিয়ারা এখন ইরানের সিদ্ধান্তের অপেক্ষায়। তেহরান এ ঘটনাকে পুঁজি করে সৌদি আরবকে কূটনৈতিকভাবে চাপে ফেলার পাশাপাশি শিয়াদের উসকে দিয়ে এসব দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
সূত্র: গার্ডিয়ান ও বিবিসি।