
দক্ষিণ কোরিয়ায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। এতে অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার ক্রীড়াবিদেরাও। সম্প্রতি ওই ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে যান উত্তর কোরিয়ার ক্রীড়া উপমন্ত্রী ওন গিল-উ। সব খেলোয়াড়ের নাম ধরে ডাকলেও এক খেলোয়াড়ের সামনে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেন তিনি। উত্তর কোরিয়ার নেতার নামের সঙ্গে যে কো জং-উন নামের ওই খেলোয়াড়ের নাম মিলে গেছে!
কোরীয় উপদ্বীপের দেশ উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে সাধারণত ‘সর্বোচ্চ নেতা’ অথবা ‘সম্মানিত মার্শাল’ বলে অভিহিত করা হয়। তাঁর বা তাঁর পূর্বসূরিদের নাম ধরে ডাকার সাহস সে দেশে কারও নেই বললেই চলে। তারই প্রতিফলন সেদিন দেখা যায় ক্রীড়া উপমন্ত্রী ওন গিল-উর অভিব্যক্তিতে।
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের পিওংচ্যাং এলাকায় বসছে এবারের শীতকালীন অলিম্পিক। সেখানেই ফিটনেস সেন্টারে নিজের দেশের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওন গিল-উ। তিনি এই অলিম্পিকে উত্তর কোরিয়ার দলের মিশন-প্রধানও। প্রত্যেক খেলোয়াড়ের ব্যাজ দেখে নাম ধরে ডাকছিলেন, কথা বলছিলেন। কিন্তু কো জং-উনের সামনে এসে থমকে গেলেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপকে কো জং-উন বলেছেন, ‘তিনি (ওন গিল-উ) আমার দিকে ফিরে আমার ব্যাজ দেখেই যেন জমে গেলেন। কিছু সময় কোনো শব্দই উচ্চারণ করতে পারলেন না। তারপর বললেন, “তোমার নাম উচ্চারণের সাহস আমার নেই।” এ কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম।’
কিমের বাবা কিম জং-ইল ও দাদা কিম ইল-সাংয়ের কীর্তি উত্তর কোরিয়ায় সেই শিশুকাল থেকে সবার পাঠ্য। কিম ইল-সাং হলেন দেশটির প্রতিষ্ঠাতা। এই দুজনের ছবি আঁকা বিলবোর্ড দেশটির প্রায় সব জায়গায়ই চোখে পড়বে। রাজধানী পিয়ংইয়ংয়ে রয়েছে তাঁদের প্রতিকৃতি। এ ছাড়া সবার ঘরেই কিম জং-ইল ও কিম ইল-সাংয়ের ছবি রাখা বাধ্যতামূলক।