নামের হত্যাকাণ্ডে ইন্টারপোলের সহায়তা চায় মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির সন্দেহভাজন চারজনকে পাকড়াওয়ে সতর্কতা জারি করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে মালয়েশিয়া। আজ বৃহস্পতিবার মালয়েশিয়া পুলিশপ্রধান খালিদ আবু বকর এ তথ্য জানান বলে রয়টার্সের খবরে জানানো হয়।

কুয়ালালামপুরের বিমানবন্দরে ১৩ ফেব্রুয়ারি জং-নাম নিহত হন। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়ার চরেরা এ গুপ্ত হত্যার ঘটনা ঘটিয়েছে।

খালিদ বলেন, এ ঘটনার পর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা নামকে হত্যা করতে দ্রুত কার্যকর—এমন বিষ প্রয়োগ করেন। কিন্তু তাঁরা কোনো গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন কি না, জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

পুলিশ এ ঘটনায় উত্তর কোরিয়ার এক ব্যক্তিকেও আটক করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও সাতজনকে খুঁজছে পুলিশ। এই সাতজনের মধ্যে একজন কূটনীতিক, উত্তর কোরিয়ার বিমান সংস্থার একজন কর্মকর্তাসহ আরেকজন মালয়েশিয়াতেই আছেন বলে মনে করা হচ্ছে। অন্য চারজন হত্যাকাণ্ডের দিনই মালয়েশিয়া ছেড়ে গেছেন বলে তাদের কাছে তথ্য আছে।

সাংবাদিকদের খালিদ বলেন, ধারণা করা হচ্ছে, ওই চারজন ইতিমধ্যে উত্তর কোরিয়ায় ফিরে গেছেন। তাই তাঁদের ধরতে ইন্টারপোলকে সতর্কতা জারি করতে অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, এরই মধ্যে মালয়েশিয়ায় থাকা উত্তর কোরিয়ার দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি ও এয়ারলাইন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে সহযোগিতা চেয়ে দূতাবাসকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আপনার যদি লুকানোর কিছু না থাকে, তাহলে সহযোগিতা করার ক্ষেত্রে ভয় পাওয়া ঠিক হবে না। আপনার উচিত সহযোগিতা করা।’