নারী কারারক্ষীদের নাচের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে কয়েকজন নারী কারারক্ষী মিলে একটি নাচের দল গড়ে তুলেছেন । ছবি বিবিসি
জাপানে কয়েকজন নারী কারারক্ষী মিলে একটি নাচের দল গড়ে তুলেছেন । ছবি বিবিসি

জাপানে কয়েকজন নারী কারারক্ষী মিলে একটি নাচের দল গড়ে তুলেছেন। এই পেশার ধরনটিকে কোমল হিসেবে দেখাতে এবং নারীদের এই কাজে যোগ দিতে উৎসাহী করতে তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন। জাপানের বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

এম-গার্লস নামের এই দলে মোট পাঁচজন নারী কারারক্ষী আছেন। তাঁরা দেশটির দক্ষিণাঞ্চলের ইয়ামাগুচি অঞ্চলের একটি কারাগারে কাজ করেন। তাঁদের বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে। এই দলের নারীরা রঙিন পোশাক পরে মঞ্চ মাতান। এতে খুশি কারাগারের ভেতরের ও বাইরের লোকজন। গত বছর স্থানীয় এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এম-গার্লসের একজন নেতা বলেন, এই নাচ প্রদর্শনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের একটি নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। আশা করা যাচ্ছে, লোকজন এখন কারারক্ষীদের কাছের মানুষ ভাবতে পারবে।
নাচের দলটির ভাবনা এসেছে কারাগারটির প্রথম নারী প্রশাসনিক ব্যবস্থাপক হিরোমি কোবায়াশির মাথা থেকে। তিনি বলেন, ‘আমরা এমন ব্যতিক্রমী কিছু করতে চেয়েছি যা কারা কর্তৃপক্ষ করতে পারে বলে কেউ ভাবেনি।’

জাপানের বিচার-বিষয়ক মন্ত্রণালয় বলছে, কারারক্ষী হিসেবে নিয়োগ পাওয়া নারী কর্মীদের এক-তৃতীয়াংশই তিন বছরের কম সময়ের মধ্যে চাকরি ছেড়ে দেন। পুরুষ কর্মীদের তুলনায় এই হার দ্বিগুণ। এই অবস্থায় সরকার আগামী তিন বছরের মধ্যে ২০০ নারী কারারক্ষী নিয়োগ দিতে চাচ্ছে।