
বিভিন্ন প্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক বেতনবৈষম্যের অভিযোগ নতুন কিছু নয়। সম্প্রতি এমন অভিযোগ তুলে পদত্যাগ করে আলোচনার জন্ম দেন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চীনের সম্পাদক কেরি গ্রেসি। এর জেরে গত শুক্রবার বিবিসির খ্যাতনামা ছয়জন পুরুষ সাংবাদিক ও উপস্থাপক জানিয়েছেন, তাঁরা বেতন কমাতে রাজি আছেন। এ ছয়জনই বিবিসির উচ্চ বেতনভোগী সাংবাদিক।
পার্লামেন্টের চাপের মুখে গত জুলাই মাসে বিবিসি তার উচ্চ বেতনভোগী খ্যাতিমান সাংবাদিকদের বেতনের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, বেশি বেতন পাওয়া ১৪ জন সাংবাদিকের ১২ জনই পুরুষ।
এরপর গত মাসে জেন্ডারভিত্তিক বেতনবৈষম্যের অভিযোগ তুলে বিবিসি চীনের বার্তা সম্পাদক কেরি গ্রেসি পদত্যাগ করেন। লন্ডনে বিবিসির বার্তাকক্ষে গিয়ে তিনি ‘অযৌক্তিক বেতনবৈষম্যে’র বিরুদ্ধে প্রতিবাদ করেন। কেরি গ্রেসি বার্ষিক বেতন পেতেন ১ লাখ ৩৫ হাজার পাউন্ড। যেখানে বিবিসির উত্তর আমেরিকার সম্পাদক জন সোপেলের বেতন দুই থেকে আড়াই লাখ পাউন্ড এবং দেড় থেকে দুই লাখ বেতন পান মধ্যপ্রাচ্যের সম্পাদক জেরেমি বাওয়েন।
বেতন কমাতে রাজি হওয়া সাংবাদিকদের মধ্যে সোপেল রয়েছেন। রয়েছেন বিবিসি রেডিওর সকালের খবরের উপস্থাপক জন হামফ্রিজ।
হামফ্রিজ তাঁর বেতন ছয় লাখ পাউন্ডের বেশি থেকে কমিয়ে আড়াই থেকে তিন লাখে নামিয়ে আনতে রাজি হয়েছেন। তিনি মনে করেন, জেন্ডারভিত্তিক বেতনবৈষম্যের অভিযোগের বিতর্ক ধীরে ধীরে কমে যাবে।
বেতন কমাতে রাজি হওয়া বাকি উপস্থাপকদের মধ্যে রয়েছেন হামফ্রিজের সহকর্মী নিক রবিনসন, হিউ অ্যাডওয়ার্ডস ও নিকি ক্যাম্পবেল। বেতন কমাতে রাজি হওয়া ষষ্ঠ সাংবাদিক হলেন অপরাহ্ণের রেডিও শোর উপস্থাপক জেরেমি ভাইন। তিনি বিবিসির সর্বোচ্চ বেতনভোগী সাংবাদিক উপস্থাপক।