নারীর ছবি তুলে কুয়েত থেকে বহিষ্কৃত এক বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতের একটি বিপণি কেন্দ্রে গোপনে নারীদের অনুসরণ করে ছবি তোলার অভিযোগে দেশটি থেকে বহিষ্কৃত হয়েছেন এক বাংলাদেশি। কুয়েত টাইমস–এর খবরে গতকাল রোববার এ কথা জানানো হয়।
ডেইলি আল-রাই–এর খবরে বলা হয়েছে, ভারপ্রাপ্ত ফারওয়ানিয়া নিরাপত্তা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আল-ইনেজি ওই বাংলাদেশিকে ডিপোর্টেশন সেন্টারে (কোনো দেশ থেকে ফেরত পাঠানোর আগে যেখানে রাখা হয়) পাঠান। তবে ওই ব্যক্তির নাম বা বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সিসিটিভি থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, ওই বাংলাদেশি নারীদের অনুসরণ করছিলেন এবং নিজের মোবাইল ফোন দিয়ে গোপনে তাদের ছবি তুলছিলেন।