নাশিদ থাকবেন বিলাসী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিলাসী কারাগারে তাঁর দণ্ডাদেশ ভোগ করবেন। তাঁর জন্য প্রস্তুত হচ্ছে ‘অ্যাপার্টমেন্ট রুপী’ সেই কারাগার।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই জানায়, মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের গতকাল সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন।

সন্ত্রাসবিরোধী আইনে গত সপ্তাহে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির অপরাধবিষয়ক একটি আদালত। প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে মালদ্বীপের তৎকালীন ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে অপহরণ ও কারারুদ্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন নাশিদ।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের গতকাল তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘নাশিদের জন্য ২৬৪ বর্গফুটের প্রিজন অ্যাপার্টমেন্টে থাকছে একটি কক্ষ, বসার কক্ষ, আসবাবসজ্জিত, এসি, টিভি, ভিসিডি প্লেয়ার। এক হাজার ৮৭ বর্গফুটের বাগান। আর পাবেন অন্য কয়েদি বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ।’

এর আগের দিন রোববার অপর এক টুইটার বার্তায় নাসের বলেছেন, সাবেক প্রেসিডেন্টকে কারাগারে নিরাপত্তা, সেবা ও সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার। তাঁর সঙ্গে সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।

মালদ্বীপের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাফুশি কারাগারে ওই অ্যাপার্টমেন্ট প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ধোনিদোতে পুলিশ হেফাজতে থাকবেন নাশিদ।

নাশিদকে কারামুক্ত করতে তাঁর দল দেশব্যাপী অসহযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত।