নিউইয়র্ককে টেক্কা দিল বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের শীর্ষ ধনী ওয়াং জিয়ালিন
চীনের শীর্ষ ধনী ওয়াং জিয়ালিন

শত কোটিপতির (বিলিয়নিয়ার) সংখ্যার দিক দিয়ে এই প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে টেক্কা দিয়ে ১ নম্বরে চলে এসেছে চীনের রাজধানী বেইজিং। চীনেরই আরেক মহানগর সাংহাই উঠে এসেছে পঞ্চম স্থানে। দেশ হিসেবেও যুক্তরাষ্ট্রকে টপকে গেছে চীন। চীনের গবেষণা প্রতিষ্ঠান হুরুন এক প্রতিবেদনে এ কথা বলেছে। খবর বিবিসির।
হুরুনের প্রতিবেদন বলছে, বর্তমানে বেইজিংয়ে মোট ১০০ বিলিয়নিয়ারের বাস। নিউইয়র্কে এখন বাস করেন মোট ৯৫ জন বিলিয়নিয়ার। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে নতুন ৩২ জন বিলিয়নিয়ার পেয়েছে চীনা রাজধানী। একই সময়ে নিউইয়র্ক দেখেছে মাত্র চারজন নতুন বিলিয়নিয়ারের আবির্ভাব।
সার্বিকভাবে দেশ হিসেবেও বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। গত এক বছরে নতুন ৯০ বিলিয়নিয়ারকে পেয়ে চীনে তাঁদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শত কোটিপতির সংখ্যা এখন ৫৩৫। তবে শীর্ষ ১০ জনের তালিকায় এখনো মার্কিনদের আধিপত্য।
চীনের বিলিয়নিয়াররা বর্তমানে সমন্বিতভাবে ১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিক। এটা অস্ট্রেলিয়ার পুরো জিডিপির সমপরিমাণ।
হুরুনের চেয়ারম্যান রুপার্ট হুগেওয়ার্ফ উল্লেখ করেন, দেশের সামগ্রিক অর্থনীতির শ্লথগতি এবং শেয়ারবাজারের অস্থিরতার পরও চীনে বিত্তবানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানির প্রবেশ কয়েক বছর বন্ধ রাখার পর গত বছর তা উন্মুক্ত করে দেওয়ার কারণেই নতুন অনেক ধনকুবের উঠে এসেছেন বলে তিনি মনে করেন।
হুরুনের প্রতিবেদন বলছে, ওয়াং জিয়ালিনই এখনো চীনের শীর্ষ ধনী ব্যক্তি। দালিয়ান ওয়ান্দা গ্রুপের এই চেয়ারম্যান বর্তমানে আনুমানিক ২৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক।
হুরুন রিপোর্টের আরেকটি উল্লেখযোগ্য তথ্য হলো বিশ্বব্যাপীই ধনকুবেরের সংখ্যা বেড়েছে। তাদের হিসাবে বর্তমানে বিশ্বে ২ হাজার ১৮৮ জন বিলিয়নিয়ার রয়েছে, যা নতুন রেকর্ড। হুরুন সাধারণত চীনের ধনকুবেরদের অর্থ-সম্পদের ওপর নজর রেখে থাকে।