নিউইয়র্কের তিন গুণ বড় শহর হচ্ছে চীনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী বেইজিংয়ের কাছেই গড়ে তোলা হচ্ছে নতুন শহর সিওঙ্গান নিউ এরিয়া। এর আকার হবে যুক্তরাষ্ট্রের বিশাল নিউইয়র্ক নগরের চেয়েও প্রায় তিন গুণ বড়। রাজধানী বেইজিংয়ে দূষণ এবং ভিড়ের চাপ কমাতেই সরকার এ নতুন শহর গড়ার চিন্তাভাবনা করছে।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা গত শনিবার নতুন শহর গড়ে তোলার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, এর অবস্থান হবে বেইজিংয়ের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রায় তিনটি কাউন্টি জুড়ে। আগামী সহস্রাব্দের কথা বিবেচনা করেই প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর সহযোগীরা এমন শহর বানাতে চাইছেন। কর্তৃপক্ষ সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও নির্মাণ করবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শহরটির নাম চূড়ান্ত হয়নি। আপাতত একে সিওঙ্গান নিউ এরিয়া বলে ডাকা হচ্ছে। নতুন শহরটি ২ কোটি ২০ লাখ মানুষের আবাস রাজধানী বেইজিংয়ের ওপর চাপ কমাবে।
প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, নতুন শহরটি হবে উদ্ভাবনী উন্নয়নের এক আদর্শ নমুনা। সেখানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনগণের ভালো থাকার বিষয়টি গুরুত্ব পাবে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সরকারি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় জমির দাম দ্বিগুণ হয়ে গেছে। জবাবে
সরকার আবার জরুরিভিত্তিতে সেখানে জমি কেনাবেচায় নিষেধাজ্ঞা দিয়েছে।
ব্যাপক নগরায়ণের চাপ এবং শহরমুখী জনস্রোত মোকাবিলায় চীন সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ‘নিউ এরিয়া’ বানিয়েছে।