নিখোঁজ নিয়ে যত তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের বাইরে গতকাল জড়ো হন এমএইচ ৩৭০ ফ্লাইটের যাত্রীদের স্বজনেরা। সেখানে ‘আমাদের সত্য কথা বলো’ লেখা প্ল্যাকার্ড ধরেন এক নারী। তাঁর স্বামী ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। পাশের প্ল্যাকার্ডেই এক সন্তানের আকুতি: ‘বাবা, তোমার কথা খুব মনে পড়ে’ l ছবি: রয়টার্স
চীনের বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের বাইরে গতকাল জড়ো হন এমএইচ ৩৭০ ফ্লাইটের যাত্রীদের স্বজনেরা। সেখানে ‘আমাদের সত্য কথা বলো’ লেখা প্ল্যাকার্ড ধরেন এক নারী। তাঁর স্বামী ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। পাশের প্ল্যাকার্ডেই এক সন্তানের আকুতি: ‘বাবা, তোমার কথা খুব মনে পড়ে’ l ছবি: রয়টার্স

‘শুভ রাত্রি মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো।’ মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারে পাঠানো এটাই ছিল শেষ বার্তা। গত বছরের ৮ মার্চ রাত ১টা ১৯ মিনিটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ থেকে ‘সবকিছু ঠিক আছে’ বোঝাতে কেউ ওই নিয়মিত বার্তাটি দিয়েছিলেন।
এক বছর পরও ২৩৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি কোথায় গেল বা এর ভাগ্যে কী ঘটেছে তার কোনো সূত্র পাননি অনুসন্ধানকারীরা। দৃশ্যত সাগরের ওপরে আকাশে থাকা অবস্থায় নিখোঁজ হলেও কোনো ধ্বংসাবশেষ সমুদ্রে ভাসতে দেখা যায়নি। সাগরতলেও খুঁজে পাওয়া যায়নি বিমানের কোনো অংশ।
উড়োজাহাজটির পরিণতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কয়েকটি তত্ত্ব প্রচলিত রয়েছে। সেগুলো নিচে উল্লেখ করা হলো:
চালকের আত্মহত্যা তত্ত্ব: এয়ার ট্রাফিক কন্ট্রোলে শেষ বার্তাটি ক্যাপ্টেন জাহারি আহমাদ শাহ নাকি ফার্স্ট অফিসার ফারিক আবদুল হামিদ পাঠিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মালয়েশিয়ার তদন্তকারীরা গত এপ্রিলে জানিয়েছিলেন, জাহারিই বার্তাটি পাঠিয়েছিলেন। এ রকম একটি তত্ত্ব রয়েছে যে একজন চালক অন্য চালককে নিষ্ক্রিয় করে উড়োজাহাজটি ভূপাতিত করে সব যাত্রী নিয়ে আত্মহত্যা করেছেন। তবে মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমাদ জাওহারি এ ধারণা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘জাহারি অত্যন্ত যোগ্য লোক। তাঁকে সন্দেহ করার মতো কোনো কারণ আমরা পাইনি।’
ককপিটে অতিথি তত্ত্ব: বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা থাকা আমেরিকান এয়ারলাইনসের সাবেক পাইলট মার্ক উইসের ধারণা, বিমানটি বিপন্ন হওয়ার পর পর ভেতরে একটি ধস্তাধস্তি বা সংঘাত হয়েছিল। হয়তো কোনো একজন পাইলট এমন কিছু করেন, যা উড়োজাহাজটি ধ্বংস হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ওই ফ্লাইটের সহযোগী চালক আবদুল হামিদ (২৭) ২০১১ সালে থাইল্যান্ড-মালয়েশিয়া পথে একবার ককপিটে এক নারী এবং তাঁর বন্ধুকে আমন্ত্রণ জানান। উইসের মতে, এ ধরনের ঘটনা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেক বাড়িয়ে দেয়। তবে তদন্তকারীরা বলেছেন, এমএইচ৩৭০-এর ককপিটে কোনো তৃতীয় পক্ষ থাকার ইঙ্গিত পাওয়া যায়নি।
ছিনতাই তত্ত্ব: গোপন কোনো উদ্দেশ্যে উড়োজাহাজটি ছিনতাই হয়েছে বলেও একটি ধারণা প্রচলিত রয়েছে। তবে এ ধারণাটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেননা, ঘটনার পর কোনো দল বা সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করেনি।
কাজাখস্তান তত্ত্ব: এ তত্ত্ব অনুযায়ী, রুশ কোনো ব্যক্তি চীন, পাকিস্তান এবং ভারতের সীমান্তঘেঁষা কাজাখস্তানের এক ক্ষুদ্র বিমানবন্দরে নিয়ে গেছেন উড়োজাহাজটি। ওই বন্দরটি রাশিয়ার কাছে লিজ দেওয়া হয়েছে। বিজ্ঞানবিষয়ক সাংবাদিক এবং বিমানচালক জেফ ওয়াইজের কাছ থেকে এ তত্ত্বটি এসেছে।
যান্ত্রিক গোলযোগ তত্ত্ব: বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, উড়োজাহাজটি রহস্যজনক কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক কোনো কারণে বা বড় ধরনের আগুন লাগার ফলে চালক যোগাযোগ করতে পারেননি। আমেরিকান এয়ারলাইনসের সাবেক চালক জিম টিলমন বলেন, একসঙ্গে পুরো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া একটা কারণ হতে পারে। তবে এটার সম্ভাবনা খুব কম। কেননা, উড়োজাহাজের বিভিন্ন স্থানে থাকা জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। একটিতে ত্রুটি হলে অন্যটি থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। এ ধরনের কোনো ঘটনা আগে ঘটেছে বলে তিনি শোনেননি।