জাপানের উপকূলের কাছে দুই জাহাজের সংঘর্ষে নিহত সাত মার্কিন নাবিকের লাশ মিলেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গতকাল রোববার এ খবর দিয়েছে।
পণ্যবাহী একটি জাহাজের সঙ্গে গত শনিবার ভোরের কিছুক্ষণ আগে প্রচণ্ড ধাক্কা লেগে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড অনেকটা দুমড়ে-মুচড়ে যায়। তখন জাহাজটির কিছু অংশ আংশিক তলিয়ে যায়। এ দুর্ঘটনার পর থেকে ফিটজেরাল্ডের সাত নাবিক ২৪ ঘণ্টারও বেশি সময় নিখোঁজ ছিলেন।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর গতকাল এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে ওই জাহাজের নিমজ্জিত অংশের একাধিক কামরায় সাত নাবিকের লাশ খুঁজে পান। জাপানের ইয়োকোসুকার একটি হাসপাতালে নিয়ে তাঁদের পরিচয় শনাক্ত করা হবে।
দুই জাহাজের ওই সংঘর্ষের পর থেকে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে উদ্ধারকর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান চালান। দুর্ঘটনায় মার্কিন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজটির আরও কয়েকজন নাবিক আহত হন।
৫০৫ ফুট লম্বা ফিটজেরাল্ডকে গত শনিবার আরেকটি নৌযানের সাহায্যে টেনে ইয়োকোসুকা বন্দরে নেওয়া হয়। ডুবুরিরা জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশে অনুসন্ধান চালান। ১৯৯০-এর দশকের মধ্যভাগে মার্কিন কর্তৃপক্ষ প্রথম এই জাহাজ মোতায়েন করে। যে পণ্যবাহী জাহাজটি ফিটজেরাল্ডকে ধাক্কা দিয়েছে, তার নাম এসিএক্স ক্রিস্টাল। ফিলিপাইনের পতাকাবাহী ৭৩০ ফুট জাহাজটির গায়ে ওই সংঘর্ষের সময় আঁচড় লাগলেও এটির আরোহী ২০ জন নাবিকের সবাই অক্ষত আছেন।
দুর্ঘটনায় ফিটজেরাল্ডের নাবিকেরা নিখোঁজ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় উদ্বেগ জানান এবং জাপানের সহযোগিতার জন্য ধন্যবাদ দেন।
ইয়োকোসুকা থেকে ১০৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই দুটি জাহাজের সংঘর্ষ হয়। এটি টোকিও এবং ইয়োকোহামায় পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। জাপানি সংবাদপত্র আসাহি লিখেছে, বড় আকারের জাহাজের কারণে গত পাঁচ বছরে ওই সমুদ্রপথে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে।
এসিএক্স ক্রিস্টাল ফিলিপাইনের পতাকাবাহী হলেও এটির মালিকানা এনওয়াইকে লাইন নামের একটি জাপানি প্রতিষ্ঠানের। তাদের একজন মুখপাত্র বলেছেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’