
তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর অনাগ্রহের কারণে বহির্বিশ্বে জনপ্রিয় হলেও নিজ দেশেই তাঁর জনপ্রিয়তা ক্রমেই কমছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইং-ওয়েনকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন এমন লোকের সংখ্যা ৩০% এরও কম। আগামী বছর তাঁর পুনর্নির্বাচনের প্রস্তাবও দিন দিন আরও বেশি সংশয়ের মুখে পড়ছে। এই অবস্থায় ইং-ওয়েনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বসলেন তাঁরই সাবেক প্রধানমন্ত্রী লাই চিং-তে। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে প্রেসিডেন্ট পদে ইং-ওয়েনের বিপক্ষে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন চিং-তে।
চিং-তের এই ঘোষণা খুব একটা পছন্দ হওয়ার কথা নয় চীনের। বর্তমান প্রেসিডেন্ট ইং-ওয়েনের মতো চীনপন্থী নন চিং-তে, বরং চীনের থেকে আলাদা হয়ে তাইওয়ানের স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ব্যাপারে অনেক বেশি সরব তিনি। চীনের ভাষ্য, তাইওয়ান স্বাধীনতার পথ বেছে নিতে চাইলে সেটি যুদ্ধ পর্যন্তও গড়াতে পারে!
চিং-তে সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘তাইওয়ান দ্বিতীয় হংকং কিংবা তিব্বত হতে চায় না।’ তাইওয়ানের সাধারণ জনগণও ক্ষমতাসীন প্রেসিডেন্টের চীন প্রীতিকে আর সমর্থন করছে না। গত নভেম্বরে মিউনিসিপ্যাল নির্বাচনে প্রধান বিরোধী দল কুয়োমিনতাং এর কাছে (কেএমটি) রীতিমতো বিধ্বস্ত হয়েছে ক্ষমতাসীন দল ডিপিপি। ইং-ওয়েনের আমলে তাইওয়ানের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই থমকে যাওয়ায় তাঁর ওপর রুষ্ট দেশটির বেশির ভাগ সাধারণ জনগণ। অর্থনীতি গতিশীল না হওয়ায় মানুষের বেতনও বাড়ছে না দীর্ঘদিন ধরে।
গত নভেম্বরের নির্বাচনে ভরাডুবির পর ডিপিপির প্রধান হিসেবে সরে দাঁড়িয়েছেন ইং-ওয়েন। এর এক মাস পরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন চিং-তে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ইং-ওয়েন ও চিং-তে নিজ নিজ অবস্থান জানিয়ে তাদের বক্তব্য পেশ করবেন, এরপর প্রেসিডেন্ট পদের জন্য কাকে মনোনয়ন দেয়া হবে সেটি নির্ধারণ করার জন্য জনমত জরিপের আয়োজন করবে ডিপিপি। জরিপে যিনি বেশি জনপ্রিয়তা পাবেন তাকেই প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেবে দলটি। আগামী ১৭ এপ্রিল চূড়ান্ত ফলাফল জানাবে ডিপিপি।
এখনো পর্যন্ত ইং-ওয়েন জরিপে ভয়াবহভাবে পিছিয়ে থাকায় আশঙ্কা প্রকাশ করেছেন ডিপিপি'র সক্রিয় কর্মীরা। ইং-ওয়েনের পরাজয় তো বটেই, তাদের বড় ভয়, তাইওয়ান হয়তো চীন বিরোধী কোনো নেতৃত্বের হাতে চলে যাবে। আবার ইং-ওয়েনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাঁর নিজ দলের কিছু প্রার্থীই চিং-তে কে সমর্থন জানাচ্ছেন। চিং-তের সাম্প্রতিক ঘোষণায় তারা উল্লাসও প্রকাশ করেছেন। তাদের ধারণা, জয়ের পাল্লা চিং-তের দিকেই বেশি ঝুঁকে রয়েছে।
এদিকে ইং-ওয়েনের সমর্থকেরা বলছেন, দ্বিমুখী এই দ্বন্দ্ব দলে বড় আকারের বিভেদ সৃষ্টি করবে। তারা তাই দলীয় একাত্মতার ওপরেই বেশি জোর দিচ্ছেন। এতে করে তারা পরোক্ষভাবে চিং-তে কে প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ানোর ব্যাপারেই ইঙ্গিত দিলেন।
দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমর্থক চেন চাই-মাই ইঙ্গিত দিয়েছেন, দলের মধ্যে এই অন্তর্কোন্দল আখেরে দেশের জন্যই বিপদ ডেকে আনতে পারে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘২০২০ সালের নির্বাচনই ঠিক করে দেবে, তাইওয়ান টিকে থাকবে না কি নিশ্চিহ্ন হয়ে যাবে।’
প্রধান বিরোধী দল কেএমটি এখনো তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঠিক করেনি। তবে নিউ তাইপে সিটির সাবেক মেয়র এরিক চু ও সংসদের সাবেক স্পিকার ওয়াং জিন-প্যাং দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন। তাইপেই এর জনপ্রিয় মেয়র কো ওয়েন-জে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন নির্বাচনে।
তবে অবশ্যম্ভাবীভাবে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীন। পূর্ব অভিজ্ঞতা থেকে চীন সরকার জানে, তাইওয়ানের ভোটারদের ভয় দেখানোর সিদ্ধান্ত বরং বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আগামী কয়েক মাসে তাইওয়ানের ওপর চীনের চাপ কিছুটা হলেও কমে আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।