নিজস্ব ইন্টারনেট শৃঙ্খলা থাকা উচিত: জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি দেশের নিজস্ব ইন্টারনেটের ওপর স্বাধীন কর্তৃত্ব থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি উত্তরাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের উঝেন শহরে গতকাল বুধবার রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে বলেন, একটা দেশের ইন্টারনেটব্যবস্থায় (সাইবারস্পেস) ‘স্বাধীনতা এবং শৃঙ্খলা’ দুটোই থাকা জরুরি। খবর এএফপির।
মানবাধিকারকর্মীরা ওই সম্মেলন অনুষ্ঠানের নিন্দা জানিয়ে বলেছেন, চীন সরকার ‘ইন্টারনেট সার্বভৌমত্ব’ ধারণার পক্ষে প্রচার চালাচ্ছে। এটি বিশ্বজুড়ে ইন্টারনেটের মাধ্যমে অবাধ যোগাযোগব্যবস্থা চালু রাখার চেতনাবিরোধী। ইন্টারনেটের ওপর বেইজিংয়ের কঠোর নিয়ন্ত্রণ-নীতির কারণে চীনে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে দেশটির কর্তৃপক্ষ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমনের নীতি বেছে নিয়েছে।
প্রেসিডেন্ট জিনপিং বলেন, ‘প্রতিটি দেশের নিজস্ব সাইবারস্পেস নিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। ইন্টারনেটের ওপর আধিপত্য বিস্তার বা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কোনো দেশেরই উচিত নয়। বাস্তব জগতের মতো ইন্টারনেটের দুনিয়ায়ও স্বাধীনতা এবং শৃঙ্খলা—দুটোই প্রয়োজন। ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের নৈতিক শিক্ষার প্রয়োগ করতে হবে। অনলাইনে চীনের উপস্থিতি আরও ইতিবাচক এবং ‘উন্নত’ ভাবমূর্তির হওয়া উচিত।’ চীনে অনলাইনের ওপর সরকারি নিয়ন্ত্রণ রয়েছে।