নিজেদের ঝরানো রক্তেই ডুববে ইসরায়েল: এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান। ছবি: এএফপি
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান। ছবি: এএফপি

ইসরায়েলিদের প্রতি নিন্দা জানিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তারা ফিলিস্তিনি শিশু ও মায়েদের সচেতনভাবেই হত্যা করছে। তিনি বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনে যে রক্ত ঝরাচ্ছে, সেই রক্তেই তারা ডুবে যাবে।

গতকাল রোববার ইস্তাম্বুলে নির্বাচনী এক সমাবেশে হাজারো জনতার সামনে এরদোয়ান এ মন্তব্য করেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট এক খবরে এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, তুরস্কে ১০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই সমাবেশটির আয়োজন করা হয়।

এরদোয়ান তাঁর ভাষণে বলেন, ‘ইসরায়েলিরা হিটলারের মতোই। হিটলার নিজের মতো করে একটি জাতি গঠনের চেষ্টা করেছিলেন, ইসরায়েলিরাও ঠিক সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।’

তুরস্কের প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনে যাতে নতুন শিশুর জন্ম না হতে পারে সে জন্য ইসরায়েলিরা নারীদের হত্যা করছে; বাচ্চাদের হত্যা করছে যাতে তারা বড় হয়ে উঠতে না পারে; যুবা পুরুষদের হত্যা করছে যাতে তারা দেশকে রক্ষা করতে না পারে। এভাবে তারা যে রক্ত ঝরাচ্ছে, সেই রক্তেই তারা ডুবে যাবে।
প্রসঙ্গত, তাইয়িপ এরদোয়ান বরাবরই ইসরায়েলি হত্যাযজ্ঞের বিপক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসছেন।