নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরি পানিতে ভাসাল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াওনিং প্রদেশে গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের সময় চীনের প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরি l রয়টার্স
লিয়াওনিং প্রদেশে গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের সময় চীনের প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরি l রয়টার্স

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধবিমানবাহী রণতরি পানিতে ভাসাল চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল বুধবার জাহাজটি পানিতে ভাসানো হয়। তবে পুরোপুরি প্রস্তুত হয়ে কাজ শুরু করতে এর ২০২০ সাল পর্যন্ত লেগে যাবে। চীন গভীর সাগরে নিজের নৌবাহিনীকে একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় রণতরিটি নির্মাণ করেছে।

চীনের সেনাবাহিনীর আকার বিশ্বের সর্ববৃহৎ। ২০ লাখ সদস্যের এ বাহিনীকে আরও আধুনিক করার চেষ্টা করছে দেশটি। এরই মধ্যে শত্রুর জাহাজকে উপকূলে ঘেঁষতে না দিতে সমুদ্র প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং আক্রমণকারী ডুবোজাহাজ বহর ও উচ্চক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে বেইজিং।

বুধবার উদ্বোধন হওয়া টাইপ ০০১-এ রণতরিটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে। এটি চীনের দ্বিতীয় রণতরি। দেশটির প্রথম রণতরিটি রাশিয়া থেকে আমদানিকৃত পুরোনো একটি জাহাজ। লিয়াওনিং নাম দেওয়া ওই রণতরিটি ৩০ বছর আগে তৈরি করে রাশিয়া, যা ব্যাপক মেরামতের পর ২০১২ সালে চীনের বাহিনীতে কমিশনিং করা হয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সক্ষমতা বাড়াতে ‘অবশ্যই সবকিছু করতে হবে’ যাতে দেশ ‘যুদ্ধ জয় করতে পারে’।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডালিয়ানে টাইপ ০০১-এ জাহাজটি উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাই ডক থেকে পানিতে নামানো হয়। ফিতা কাটার অনুষ্ঠানে প্রথা অনুসারে জাহাজের বোতে শ্যাম্পেনের বোতল ভাঙা হয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল, রণতরিটি প্রচলিত জ্বালানিতেই পরিচালিত হবে। এটি অন্যান্য যুদ্ধবিমানের পাশাপাশি চীনের তৈরি জে-১৫ যুদ্ধবিমান বহন করবে।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে নিজের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে চীন। বিশ্ব বাণিজ্যে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ এ নৌপথের অধিকাংশ এলাকা নিজের বলে দাবি করে দেশটি। শক্তিবৃদ্ধির অংশ হিসেবে এ সাগরের বিরোধপূর্ণ অংশে সম্প্রতি কৃত্রিম দ্বীপ নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে বেইজিং।

তবে বিশ্লেষকেরা বলছেন, চীনের এ রণতরি ভাসানোর ঘটনাটি এই মুহূর্তে আসলে প্রতীকী। ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিলিটারি স্কুল স্ট্র্যাটেজিক রিসার্চ ইনস্টিটিউটের চীনবিষয়ক গবেষক জুলিয়েত জেনেভাজের মতে, প্রথম পরীক্ষা চালানোর জন্য রণতরিটিকে পুরোপুরি সরঞ্জামসজ্জিত করতে প্রায় দুই বছর সময় লাগবে। তবে তিনি বলেন, এ সত্ত্বেও এ সাফল্য ‘কারিগরি দিক দিয়ে চীনের একটা বড় অগ্রগতি’।