নিদর্শনক্ষেত্র সুরক্ষার জন্য নোবেলজয়ীদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নোবেল পুরস্কারজয়ী পাঁচ ব্যক্তি বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যক্ষেত্রগুলো রক্ষার জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক উদ্যোগ নিতে গতকাল বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এক আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে তাঁরা এই বিবৃতি দেন।
নোবেলজয়ী ওই ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি, লাইবেরিয়ার প্রেসিডেন্ট হেলেন জনসন সারলিফ, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, সাহিত্যে নোবেলজয়ী তুরস্কের ওরহান পামুক এবং পেরুর মারিও ভার্গাস ইয়োসা। তাঁরা বলেছেন, যুদ্ধ এবং চরমপন্থী সংগঠনগুলোর তাণ্ডবে বিশ্বের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস হচ্ছে। তাঁরা আরও বলেন, ‘এসব ধ্বংসযজ্ঞের কারণে আমাদের ইতিহাসের অংশবিশেষ হারিয়ে গেছে। এ ধরনের উন্মাদনায় ভবিষ্যৎ নিয়ে আমাদের আশা ক্ষয়ে যায়। জরুরি উদ্যোগ অবশ্যই নিতে হবে।’
উদাহরণ হিসেবে তাঁরা বলেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত দুই বছরে সিরিয়ার প্রাচীন নগর পালমিরার সমাধিসৌধ ও মন্দিরগুলো গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ইরাকের মসুল জাদুঘরের অমূল্য নিদর্শনগুলো ধ্বংস করেছে। এ ছাড়া তালেবান জঙ্গিরা ২০০১ সালে আফগানিস্তানের বামিয়ান প্রদেশের প্রাচীন বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে।
ফ্রান্স ও ইউএইর যৌথ পৃষ্ঠপোষকতায় আবুধাবিতে দুই দিনের সম্মেলন আজ শুক্রবার শুরু হচ্ছে। শিল্পকর্ম ও প্রাচীন নিদর্শন সুরক্ষা, পরিবহন ও পুনর্গঠনের জন্য ১০ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করাই এ আয়োজনের উদ্দেশ্য।