নিয়ন্ত্রণ নিতে আইএসের সঙ্গে স্থানীয়দের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক স্টেট (আইএস) ও স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। গত বুধবার আইএস জঙ্গিরা দামেস্ক দখলের লক্ষ্যে ইয়ারমুকের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ঢুকে পড়ে। স্থানীয় বিদ্রোহীদের সহায়তায় ফিলিস্তিনিরা আইএস জঙ্গিদের হটিয়ে দিলেও গতকাল বৃহস্পতিবার তারা এলাকাটি আবার দখল করে। খবর এএফপির।
আইএসের যোদ্ধারা ইয়ারমুকে ঢুকে পড়ায় তাদের জন্য দামেস্কের ভেতরে হামলা চালানোর সুযোগ তৈরি হয়। বুধবার স্থানীয় বিদ্রোহী ও শিবিরের ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে আইএসের রাতভর লড়াই হয়। এতে ছয়জন নিহত এবং ১৭ জন আহত হয়। গতকাল সকালে আইএস যোদ্ধারা শিবিরের পশ্চিমের অংশ আবার নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
প্রভাবশালী ফিলিস্তিনি সংগঠন পিএলওর রাজনীতিবিষয়ক পরিচালক আনোয়ার আবদেল হাদি বলেন, আইএসের যোদ্ধারা আকস্মিক হামলা চালিয়ে শরণার্থী শিবিরের বেশির ভাগই দখল করে নিয়েছিল।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ফিলিস্তিনিদের সঙ্গে লড়াই করার পর ইয়ারমুকের একটি বড় অংশ আইএসের দখলে চলে যায়। আইএসের মতো সেখানকার ফিলিস্তিনিরাও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী।